বেলুড় মঠে দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ: কবে কোন পুজো? জেনে নিন ষষ্টী থেকে দশমীর সম্পূর্ণ সূচি

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে প্রকাশিত হলো বেলুড় মঠের এবারের দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট। মঠ কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর অর্থাৎ শুক্রবার ষষ্ঠীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে ৫ দিনের এই মহামানবের মহোৎসবের। বেলুড় মঠের এই ঐতিহ্যবাহী পুজোকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে অষ্টমীর দিন বেলুড় মঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোরদার জল্পনা শুরু হয়েছে। রাজ্য বিজেপি সূত্রে মিলছে এমনটাই ইঙ্গিত।
মঠের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৬ অক্টোবর সকাল ৬টায় দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বোধন অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর ভোরে ষষ্ঠীর অধিক পুজো এবং সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হবে। এরপর ১৮ অক্টোবর সপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী এবং ২০ অক্টোবর মহানবমী—এই তিন দিনই ভোর ৫টা ৪০ মিনিটে বিহিত পুজো শুরু হবে। ১৯ অক্টোবর মহাষ্টমীর দিন পূর্বাহ্ণ ৯টায় ঐতিহ্যবাহী কুমারী পুজো এবং সকাল ১০টা ২৮ মিনিট থেকে ১১টা ১৬ মিনিট পর্যন্ত অত্যন্ত পবিত্র সন্ধিপুজো অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮, ১৯ ও ২০ অক্টোবর দেবীর মধ্যাহ্ন ভোগারতির পরেই ভক্তদের পুষ্পাঞ্জলির আয়োজন করা হয়েছে। ভক্তদের সঙ্গে করে পুষ্প ও বিল্বপত্র নিয়ে আসার অনুরোধ জানিয়েছে মঠ কর্তৃপক্ষ।
দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পুজোর কদিন প্রতিদিন দুপুর ১২টায় মা সারদা সদাব্রত ভবন থেকে মহাপ্রসাদ বিতরণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ২০ অক্টোবর মহানবমীর দিন ভোগারতির পর হোম সম্পন্ন হবে। পরিশেষে, ২১ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৬টায় দশমীবিহিত পুজো শুরু হয়ে সকাল সাড়ে ৮টার মধ্যে দর্পণ বিসর্জনের পর্ব সম্পন্ন হবে। এরপর শ্রীশ্রীঠাকুরের সন্ধ্যারতির পরে প্রতিমা নিরঞ্জন ও ভক্তদের মধ্যে শান্তিজল বিতরণের মধ্য দিয়ে এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে বেলুড় মঠ চত্বরে ইতিমধ্যেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।