রাহুলের লাঞ্চ বৈঠকে বিরাট রণকৌশল! ২৪০ সাংসদকে নিয়ে সোজা নির্বাচন কমিশনের দরজায় ইন্ডি জোট

জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাপ আরও বাড়াতে এবার আসরে নামল বিরোধী জোট ‘ইন্ডি’ (INDIA)। প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটচুরি এবং একাধিক একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২৪০ জন বিরোধী সাংসদকে নিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে দেখা করার পরিকল্পনা নিয়েছে বিরোধীরা। এই আবহে বুধবার খোদ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গের উপস্থিতিতে জনপথের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ইন্ডি জোটের সাংসদদের নিয়ে একটি বিশেষ মধ্যাহ্নভোজের বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক মহলের মতে, মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন সদন অভিমুখে বিরোধী সাংসদদের দীর্ঘ পদযাত্রা ও দিল্লি জুড়েই যে রাজনৈতিক গতিপ্রকৃতি তৈরি হয়েছিল, তার তেজ বিন্দুমাত্র কমতে দিতে নারাজ কংগ্রেস। সেই কারণেই কৌশলগতভাবে এদিনের এই লাঞ্চ মিটিংয়ের আয়োজন করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত সমস্ত সাংসদদের কাছ থেকে জাতীয় কমিশনের সঙ্গে দেখা করার আবেদনপত্রে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবারই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে, প্রোটোকল মেনে সুনির্দিষ্ট প্রতিনিধি দলের সঙ্গেই কমিশন বৈঠক করবে। তবে বিরোধীদের দাবি, ২৪০ জন সাংসদ একযোগে সিইসির সঙ্গে দেখা করতে চান। কমিশনের এই শর্তের মোকাবিলায় বিরোধী শিবির কী রূপরেখা তৈরি করে এবং এই লাঞ্চ বৈঠকের পর রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল। এদিনের এই হাই-প্রোফাইল বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র এবং সামিরুল ইসলাম।