সোনার বাজারে সামান্য স্বস্তি! মহার্ঘ হওয়ার পর দাম কমল রুপোর, জেনে নিন কলকাতার আজকের দর

কলকাতায় সামান্য বৃদ্ধি পেল সোনার দাম। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত রেট চার্ট অনুযায়ী, ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সময়ে ২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য প্রতি গ্রামে ১৩,৯৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪,০০০ টাকা। অর্থাৎ দুই দিনে প্রতি গ্রামে দাম বেড়েছে ৪০ টাকা। একই সঙ্গে বিক্রি করতে গেলেও প্রতি গ্রামের দাম ১৩,৩৭১ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩,৪০৮ টাকা।
শুধু ২২ ক্যারেট নয়, অন্যান্য সোনার দামও ঊর্ধ্বমুখী। ফাইন গোল্ড (৯৯৫)-এর দাম প্রতি গ্রামে ১৪,৬৯৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪,৩৫ টাকা, যা ৪১ টাকা বৃদ্ধি নির্দেশ করে। পাশাপাশি, ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১১,৪৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১,৪৯৫ টাকা। তবে সোনার দাম বাড়লেও রুপোর বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। এক কেজি রুপোর দাম ২,২৪,৮৯১ টাকা থেকে কমে হয়েছে ২,২৪,৫৫৩ টাকা, অর্থাৎ কেজিতে ৩৩৮ টাকা দাম কমেছে। উল্লেখ্য, এই দামগুলোতে ৩ শতাংশ জিএসটি (GST) যুক্ত করা হয়নি।
সোনা কেনার আগে ক্যারেট ও বিশুদ্ধতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। ২৪ ক্যারেট সোনাকে সবচেয়ে বিশুদ্ধ সোনা হিসেবে ধরা হয়, যাতে প্রায় ৯৯.৯ শতাংশ সোনা থাকে এবং এটি মূলত বিনিয়োগের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, ২২ ক্যারেট সোনায় ৯১৬ শতাংশ বা ৯১.৬ শতাংশ সোনা থাকে, যা ঐতিহ্যবাহী গয়না তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ১৮ ক্যারেট সোনায় ৭৫ শতাংশ খাঁটি সোনা এবং ২৫ শতাংশ অন্যান্য ধাতু থাকে, যা হিরে বা আধুনিক রত্নখচিত গয়নার ক্ষেত্রে আদর্শ। তাই গয়না কেনার সময় ক্যারেট, বিশুদ্ধতা ও হলমার্ক দেখে তবেই বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ।