“ভাবিনি এই দিন আসবে!” ক্ষমতার ২৫ বছর পূর্তিতে দেশবাসীকে কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী?

দেশজুড়ে পালিত হচ্ছে ‘সেবা জ্যোতি’ কর্মসূচি। প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনে রাজধানী দিল্লি থেকে জাতির উদ্দেশে এক তাৎপর্যপূর্ণ ভাষণ দেন তিনি। ২০০১ সালের ৭ অক্টোবর কেশুভাই পটেলের পর গুজরাটের চতুর্দশ মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই ঐতিহাসিক দিনের আজ আড়াই দশক পূর্তি। বুধবার এই দিনটি সারা দেশজুড়ে বিশেষভাবে উদ্‌যাপন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

দিল্লির মঞ্চ থেকে দেওয়া ভাষণে অতীত ও বর্তমানের ফারাক স্পষ্ট করে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, অতীতে দেশের সামনে সামান্য কোনো সঙ্কট আসতেই অর্থনীতি মুখ থুবড়ে পড়ত এবং ত্রাণের জন্য আমদানির পথ খুঁজতে হতো। তবে গত ১২ বছরে সেই বেহাল ছবিটা পুরোপুরি পাল্টে গিয়েছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, “আমরা মানবতার সেবক, দিন-দুখীদের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কোটি কোটি স্বয়ংসেবক ও কর্মীদের সঙ্গ মিলেছে।” ২০৪৭ সালের মধ্যে একটি ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্ন ফের উসকে দিয়ে তিনি নতুন মন্ত্র দেন— “উই উইল ডু ইট”।

নিজের দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক যাত্রার স্মৃতিচারণ করে মোদী জানান, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যখন তিনি প্রথম শপথ নিয়েছিলেন, তখন তিনি কল্পনাও করতে পারেননি যে তাঁর রাজনৈতিক জীবনের এই স্তর পর্যন্ত পৌঁছানোর সুযোগ আসবে। তিনি বলেন, আজকের এই দিনটি শুধুমাত্র অতীতকে স্মরণ করার দিন নয়, বরং নিজেদের সংকল্পে নতুন শক্তি সঞ্চার করার এবং নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সঠিক সময়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনে ২৫ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে বিজেপি দেশবাসীর সামনে একযোগে উন্নয়নের বার্তা এবং আত্মনির্ভর ভারতের রূপরেখা তুলে ধরতে চাইছে। একদিকে যখন বিরোধীরা বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রকে ঘেরার চেষ্টা করছে, তখন প্রধানমন্ত্রীর এই আত্মবিশ্বাসী সুর এবং নতুন স্লোগান রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।