পারিশ্রমিক নিয়ে ছিনিমিনি আর নয়! টলিপাড়ার অশান্তি মেটাতে নতুন অ্যাপেক্স কমিটি গঠন, কাদের হাতে রইল চাবিকাঠি?

ফেডারেশন সক্রিয় না থাকায় টলিপাড়ার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা এবং বিশৃঙ্খলা দূর করতে এবার এক ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। গত ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার নন্দনের কনফারেন্স হলে তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতরের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর সভাপতিত্বে এক উচ্চপর্যায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিনেমা, ওটিটি এবং টেলিভিশন— এই দুই পৃথক ক্ষেত্রের জন্য দুটি বিশেষ ‘অ্যাপেক্স কমিটি’ বা শীর্ষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে শিল্পে সুস্থ, পেশাদার এবং টেকসই পরিবেশ বজায় রাখতেই এই জিরো-টলারেন্স ও গ্রিভ্যান্স রেড্রেসাল কাঠামো তৈরি করা হয়েছে।
দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, যতদিন না পর্যন্ত স্থায়ী ফেডারেশন আনুষ্ঠানিকভাবে গঠিত হয়ে নতুন মোউ (MOU) স্বাক্ষর করছে, ততদিন এই অন্তর্বর্তী কমিটিগুলিই সমস্ত অভিযোগ ও কর্মপরিবেশ তদারকি করবে। টেলিভিশন ইন্ডাস্ট্রির কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় ও বিধায়ক ড. হিরণময় রায়। অন্যদিকে, ফিল্ম ও ওটিটি ইন্ডাস্ট্রির অ্যাপেক্স কমিটির কো-চেয়ার হিসেবে রাখা হয়েছে বিধায়ক পাপিয়া অধিকারী ও বিধায়ক রুদ্রনীল ঘোষকে। এছাড়াও বিভিন্ন শিল্পী, প্রযোজক ও টেকনিশিয়ানদের নিয়ে উভয় কমিটিতেই অভিজ্ঞ প্রতিনিধিদের রাখা হয়েছে।
বৈঠকে শিল্পী ও কলাকুশলীদের কর্মঘণ্টা এবং পারিশ্রমিক নিয়ে অত্যন্ত কঠোর ও যুগান্তকারী নির্দেশিকা জারি করা হয়েছে। টেলিভিশন ফিকশন বা সিরিয়ালের ক্ষেত্রে ইউনিট কল টাইম থেকে শুরু করে সর্বোচ্চ কাজের সময় ১৪ ঘণ্টা (১০ ঘণ্টা কাজ + ৪ ঘণ্টা অতিরিক্ত) বেঁধে দেওয়া হয়েছে। নন-ফিকশন অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রো-রাটা হারে অতিরিক্ত পারিশ্রমিকের নিয়মসহ একই কাজের সময়সীমা রাখা হয়েছে। রাতের শুটিংয়ের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, স্বাভাবিক পরিস্থিতিতে রাত ১০টার মধ্যে শুটিং শেষ করতে হবে এবং বিশেষ প্রয়োজনে মাসে সর্বোচ্চ সাত দিন রাত ১০টার পরও শুটিং করা যাবে, তবে কোনো অবস্থাতেই প্রথম কল টাইম থেকে মোট ১৪ ঘণ্টার বেশি ডিউটি করানো যাবে না।
আউটডোর শুটিংয়ের ক্ষেত্রেও ১৪ ঘণ্টার কড়া কর্মঘণ্টার নিয়ম অপরিবর্তিত রাখা হয়েছে। দুপুরের খাবারে ৩০ মিনিটের লাঞ্চ ব্রেক বাধ্যতামূলক করা হলেও তা ওই ১৪ ঘণ্টার ডিউটির মধ্যেই ধরা হবে। পেমেন্ট সংক্রান্ত হয়রানি এড়াতে বড় পদক্ষেপ নিয়ে জানানো হয়েছে যে, মেন ইউনিটের ক্রু সদস্যদের কাজ শেষের ৭ দিনের মধ্যে এবং অতিরিক্ত বা এক্সট্রা টেকনিশিয়ানদের ক্ষেত্রে কাজের ৪৮ ঘণ্টার মধ্যেই সমস্ত বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দিতে হবে। যেকোনো ধরনের বকেয়া বা পারিশ্রমিক সংক্রান্ত অভিযোগ সরাসরি এই অ্যাপেক্স কমিটির সামনে পেশ করা যাবে। কমিটি প্রতি পনেরো দিনে একবার টেকনিশিয়ান্স স্টুডিওর কনফারেন্স হলে বৈঠকে বসবে, যেখানে স্টুডিওর সিইও সদস্য-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক এই কড়া নজরদারির ফলে টলিপাড়ার দীর্ঘদিনের শোষণ ও অনিয়মের অবসান ঘটবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।