গুরুগ্রামে চরম আতঙ্ক! অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে শ্বাসরোধ করে খুন, হাড়হিম করা ঘটনার নেপথ্যে কে?

গুরুগ্রামের নিউ কলোনিতে ঘটে গেল এক নৃশংস ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা। রবিবার রাতে মাদার ডেয়ারির কাছে ১৮০ নম্বর বাড়িতে একা বসবাসকারী ৭৫ বছর বয়সি অবসরপ্রাপ্ত শিক্ষিকা মধু শর্মাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। প্রায় ১৫ বছর আগে অবসর নেওয়া এই বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন প্রায় ১০ বছর আগে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিল সুরজ গুপ্ত নামের এক ব্যক্তি। মধুর ব্যাগে মূল্যবান জিনিসপত্র খোঁজার সময় তিনি তা দেখতে পেয়ে প্রতিবাদ করেন। তখন অভিযুক্ত তাঁর কাছে ১০০ টাকা দাবি করে। মহিলা চিৎকার শুরু করলে অভিযুক্ত তাঁকে সজোরে ধাক্কা মেন্দে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ছাদ থেকে লাফিয়ে পাশের একটি বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। টানা দুই থেকে তিন ঘণ্টার তীব্র ধাওয়া ও চেষ্টার পর পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত সুরজের আদি নিবাস বিহারের সমস্তিপুরে। সে নির্মাণাধীন বাড়িতে রড বাঁধার কাজ করত। জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। পুলিশের ধারণা, অভিযুক্ত ব্যক্তি মারাত্মক মাদকাসক্ত ছিল এবং মূল্যবান জিনিসপত্র হাতানোর উদ্দেশ্যেই বাড়িতে প্রবেশ করেছিল। ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিউ কলোনি পুলিশ স্টেশনে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।