রেজিনগরে ধুন্ধুমার! কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী, গ্রেফতার হুমায়ুন কবীরও

মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই চরম রাজনৈতিক উত্তেজনা ও অশান্তি ছড়াল। শক্তিপুর এলাকার কামনগর হাইস্কুল বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে প্রকাশ্য বচসায় জড়ান বিজেপি প্রার্থী শাখারভ সরকার। বুথের ভেতরে জওয়ানরা মাতব্বরি করছেন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি, আঙুল উঁচিয়ে কথা বলার পাশাপাশি ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেল করে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে, ভোট শুরুর মাত্র দু’ঘণ্টার মধ্যে পুলিশের গায়ে হাত তোলার গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তাঁর পদত্যাগের ফলেই এই আসনে উপনির্বাচন হচ্ছে, এবং এই লড়াইয়ে তাঁর দলের প্রার্থী হয়েছেন তাঁর নিজের ছেলে গোলাম নবী আজাদ।
এদিন সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই উপনির্বাচনে মোট ১৪ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। ময়দানে রয়েছেন বিজেপি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং সিপিএমের প্রার্থীরা। পাশাপাশি, ৬ জন নির্দল প্রার্থীও নিজেদের ভাগ্য পরীক্ষা করছেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৬ হাজার ৫৪৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ৯২৫ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২২ হাজার ৬১৬ জন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এলাকায় মোট ৩১৫টি ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৩৩টি অক্সিলারি বুথ। এছাড়া দুটি বুথ সম্পূর্ণ মহিলা পরিচালিত এবং একটি বুথকে বিশেষভাবে মডেল বুথ হিসেবে সাজানো হয়েছে। সম্পূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়াটি ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। একদিকে বিজেপি প্রার্থীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর উত্তপ্ত বাক্যবিনিময় এবং অন্যদিকে হেভিওয়েট নেতা হুমায়ুন কবীরের গ্রেফতারি—এই দুই ঘটনাকে কেন্দ্র করে গোটা রেজিনগর জুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ও থমথমে পরিবেশ বিরাজ করছে।