ভারত-সুইজারল্যান্ড ঐতিহাসিক বন্ধুত্ব! নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে সুইস রাষ্ট্রপতি গাই পারমেলিন

সোমবার ভারত ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কে এক ঐতিহাসিক ও নতুন অধ্যায় যুক্ত হয়েছে। তিন দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে এসে পৌঁছানো সুইস রাষ্ট্রপতি গাই পারমেলিন হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুই নেতার এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, বিজ্ঞান এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিশেষভাবে স্থান পায়। দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। বৈঠক শেষে ভারত ও সুইস কনফেডারেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় হয়।
সফরকালে রাষ্ট্রপতি পারমেলিন, তাঁর স্ত্রী ক্যারোলিন পারমেলিনকে সঙ্গে নিয়ে প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাষ্ট্রপতি ভবনে তাঁকে এক বর্ণাঢ্য ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়, যেখানে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুইস রাষ্ট্রপতিকে আন্তরিক অভ্যর্থনা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। ভারত-সুইজারল্যান্ড সম্পর্কের প্রতি তাঁর অটুট অঙ্গীকারের আমি উচ্চ প্রশংসা করি। গত বছর তাঁরই মূল্যবান সমর্থনে আমরা ভারত এবং ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (EFTA) দেশগুলোর মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়ন করেছি। ইউরোপের কোনো অর্থনৈতিক জোটের সঙ্গে এটিই ভারতের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)।”
ভারত ও সুইজারল্যান্ডের বন্ধুত্ব বহু শতাব্দীর পুরোনো উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ঊনবিংশ শতাব্দীতে স্বামী বিবেকানন্দ সুইজারল্যান্ডে হিমালয়ের দর্শন লাভ করেছিলেন এবং মহাত্মা গান্ধীও সেখানে সময় কাটিয়েছিলেন। আজ উদ্ভাবন, পরিকাঠামো এবং উন্নত প্রযুক্তি আমাদের এই অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য নিয়ে প্রধানমন্ত্রী জানান, সুইজারল্যান্ডে ভারতের রপ্তানির বাজার বাড়াতে এবং বিনিয়োগ সহজতর করতে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভারতের কৃষি, ওষুধ, বস্ত্র এবং প্রকৌশল পণ্যের রপ্তানি বহুগুণ বৃদ্ধি পাবে। পাশাপাশি বায়োটেক, জীবন বিজ্ঞান, ব্যাংকিং, বীমা এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে নতুন সুইস বিনিয়োগ আকর্ষিত হবে। এছাড়াও রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করেন যে, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত ও সুইজারল্যান্ড উভয় দেশই গণতান্ত্রিক মূল্যবোধ, সংলাপ এবং কূটনীতিতে পূর্ণ আস্থাশীল।