বিয়ের দুদিনের মাথায় ঘরছাড়লেন অনুপম খের! বলিউডের ‘আদর্শ’ অভিনেতার প্রথম জীবনের গোপন রহস্য ফাঁস

বলিউডের অন্যতম জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় এতদিন ভক্তদের কাছে সম্পূর্ণ অজানা ছিল। পর্দার বাইরে কিরণ খেরের সঙ্গে তাঁর আদর্শ দম্পতি হিসেবে সুখ্যাতি থাকলেও, এর আগে আরও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা। আর সবথেকে অবাক করা বিষয় হলো, সেই বিয়ে টিকেছিল মাত্র এক থেকে দু’দিন! সম্প্রতি অনুপমের ভাই রাজু খের এক সাক্ষাৎকারে তাঁদের পরিবারের এই পুরোনো ও চাঞ্চল্যকর স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ভাই রাজু খেরের কথায়, বহু বছর আগের ঘটনা, যখন অনুপম তখনও বলিউডে পা রাখেননি এবং লখনউতে থাকতেন। সেই সময় অভিনেত্রী মধুমালতী কপূরের সঙ্গে তাঁর প্রায় দুই-তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ একদিন মধুমালতীর প্রস্তাব অনুযায়ী তাঁরা লখনউয়ের একটি মন্দিরে অত্যন্ত গোপনীয় ও সাধারণভাবেই বিয়ে সেরে ফেলেন। সেসময় পরিবারের কেউই এই বিয়ের বিষয়ে বিন্দুমাত্র কিছু জানতেন না।
কিন্তু বিয়ের এক-দু’দিন কাটতে না কাটতেই অনুপম বুঝতে পারেন যে এই সম্পর্ক তাঁর পক্ষে টিকিয়ে রাখা সম্ভব নয়। এরপর তিনি লখনউ ছেড়ে সোজা শিমলায় ভাইয়ের কাছে চলে যান এবং সেখান থেকে দিল্লি পাড়ি দেন। দুই ব্যক্তিত্বের অমিল এবং পরিস্থিতির চাপে সেই সম্পর্ক মুহূর্তের মধ্যে ভেঙে যায়। ভাই রাজু জানিয়েছেন, সেই সময় তিনি দাদাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করেননি, বরং সবসময় তাঁর পাশে থেকেছেন। পরবর্তীতে মধুমালতী পরিচালক রঞ্জিত কপূরকে বিয়ে করেন এবং অনুপম খের ১৯৮৪ সালে ‘সারাংশ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করার পর ১৯৮৫ সালে অভিনেত্রী কিরণ খেরের সঙ্গে নতুন জীবন শুরু করেন। অতীতকে পিছনে ফেলে দুজনেই এখন নিজেদের জীবনে বেশ সুখী।