ব্রাজিলে হাড্ডাহাড্ডি লড়াই! লুলার স্বপ্ন ভেঙে সামান্য এগিয়ে বলসোনারোর ছেলে

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগণনা ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুলা ডি সিলভার চতুর্থবার ক্ষমতায় ফেরার স্বপ্নকে ধাক্কা দিয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাবিও বলসোনারো। দক্ষিণপন্থি পপুলিস্ট নেতা ফ্লাবিও ৯৯ শতাংশ ব্যালট গণনার পর ৪৭.২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে বর্তমান প্রেসিডেন্ট লুলা পেয়েছেন ৪৫ শতাংশ ভোট।

কোনো প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটির ইলেক্টোরাল আদালত আগামী ২৫ অক্টোবর রানঅফ ভোটের নির্দেশ দিয়েছে। রোববারের এই অপ্রত্যাশিত ফলাফলকে মেনে নিয়ে লুলা জানিয়েছেন, তিনি প্রথম রাউন্ডেই জয়ের আশা করেছিলেন, তবে আগামী দিনের চূড়ান্ত লড়াইয়ের জন্যও তিনি পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে, ব্রাসিলিয়া থেকে গণনা পর্যবেক্ষণ করে ফ্লাবিও বলসোনারো সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, তিন সপ্তাহের মধ্যে ব্রাজিলে একটি প্রকৃত আধুনিক সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।