মমতার পা কি আদৌ ভাঙেনি? বাঙুরের সিটি স্ক্যান রিপোর্ট সামনে এনে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী!

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ভোট প্রচারে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার ঘটনা রাজ্য রাজনীতিতে এক বিশাল টার্নিং পয়েন্ট ছিল। সেই ঘটনায় তাঁর পা ও বুকে গুরুতর আঘাত লেগেছিল বলে দাবি করা হয়েছিল। তবে দীর্ঘ সময় পর সেই ঘটনা নিয়েই বিস্ফোরক তথ্য সামনে আনলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস-এর সিটি স্ক্যান রিপোর্ট উদ্ধৃত করে তাঁর দাবি, ২০২১ সালে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে আদৌ কোনও হাড় ভাঙেনি!
নবান্ন থেকে এই বিষয়ে সরব হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, বাঙুরের সিটি স্ক্যান রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে যে মমতার বাম পায়ে কোনও ফাটল বা হাড়ের ‘ডিসলোকেশন’ হয়নি। ২০২১ সালের সেই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিরুলিয়ায় ভোট প্রচারে গিয়ে তিনি পায়ে ও বুকে চোট পেয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন। ঘটনার পরই তাঁকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে এনে ভর্তি করা হয়। এসএসকেএম-এর অধীনে থাকা বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে তাঁর বাম হাঁটু এবং বুকের সিটি স্ক্যান পরীক্ষা করা হয়েছিল। সেই পুরোনো রিপোর্ট ঘিরেই এবার নতুন করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চর্চা।