‘বিগ বস বাংলা’-র অফার কি ফিরিয়ে দিলেন শন ব্যানার্জি? জল্পনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন অভিনেতা

‘বিগ বস বাংলা’-র নতুন মরসুমের প্রোমো শুটের সময় হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন জনপ্রিয় অভিনেতা শন ব্যানার্জি। আঘাত এতটাই গুরুতর ছিল যে তড়িঘড়ি তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়। যার ফলে মূল প্রতিযোগীদের তালিকায় নাম থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত এই শো-এর রাজপ্রাসাদে পা রাখা হয়নি তাঁর। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। কিন্তু এর মাঝেই টলিপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছিল যে, চোট কাটিয়ে খুব শীঘ্রই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে নাকি এই রিয়্যালিটি শো-তে পা রাখতে চলেছেন তিনি।

শন ব্যানার্জির ‘বিগ বস’-এ ফেরার এই জল্পনা যখন ভক্তদের মধ্যে চরমে ওঠে, তখন আর চুপ করে থাকেননি অভিনেতা নিজে। সমস্ত জল্পনায় জল ঢেলে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ বার্তা পোস্ট করে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই খবরের কোনো সত্যতা নেই। তিনি লেখেন, “অনেকেই আমাকে জানতে চাইছেন আমি ‘বিগ বস বাংলা’-য় ওয়াইল্ড কার্ড হিসেবে যোগ দিচ্ছি কি না। তাঁদের সবাইকে জানাতে চাই— এই খবরের উত্তর একেবারেই ‘না’। আমি এই মুহূর্তে একটা অত্যন্ত কঠিন শারীরিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং সেরে উঠছি। ফলে পর্দায় আমার ঘুরে দাঁড়ানো বা ফেরাটা একটু অন্যরকম হতে চলেছে।” অভিনেতার এই বার্তার পর অনুরাগীরা নিশ্চিত হয়েছেন যে, এখনই ছোটপর্দায় তাঁকে দেখার কোনো সম্ভাবনা নেই।

এর আগে হাঁটুতে সফল অস্ত্রোপচারের পর হাসপাতালের বেডে শুয়ে নিজের স্বাস্থ্য সম্পর্কিত আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন শন। তিনি লিখেছিলেন, “আমার শারীরিক অবস্থা নিয়ে আপনারা যে উদ্বেগ প্রকাশ করেছেন, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। হাঁটুতে আচমকা চোট লাগায় আমার কাজ কিছুটা থমকে গিয়েছিল, তবে আনন্দের কথা হলো আমার সার্জারি সফল হয়েছে। আমি সবসময় বিশ্বাস করি জীবনের নানা বাধাবিপত্তি খুব সামান্য বিষয়, কিন্তু সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোটাই আসল কথা। আপনাদের ভালোবাসা ও প্রার্থনাই আমাকে দ্রুত সুস্থ করে তুলবে।”

Riya Chakrabarty
  • Riya Chakrabarty