জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আবহে রাজনৈতিক ময়দানে নতুন মোড়! বড় পদক্ষেপ নিলেন রাহুল গান্ধী

দেশজুড়ে চলা তীব্র এসআইআর (SIR) বিতর্ক এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের জোরালো দাবির আবহেই এক অভিনব পদক্ষেপ নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তা প্রকাশ করে তিনি ‘সত্যাগ্রহ’ (Satyagraha) নামে একটি নতুন ওয়েবসাইটের সূচনা করেছেন। দেশবাসী তাঁদের প্রতিদিনের জীবনে যে সমস্ত অন্যায় ও অবিচারের মুখোমুখি হচ্ছেন, তার সমস্ত অভিযোগ ও অভিজ্ঞতা এই পোর্টালে সরাসরি জমা দিতে পারবেন।

‘সত্যাগ্রহ: সংঘর্ষ জোড়ো, ভারত জোড়ো’ শীর্ষক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, মহিলা এবং যুব সমাজ নানা ইস্যুতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কেউ মুদ্রাস্ফীতির প্রতিবাদ করছেন, তো কেউ অধিকারের দাবিতে সোচ্চার হচ্ছেন। বিরোধী দলনেতা হিসেবে তিনি এই সমস্ত বিক্ষিপ্ত আন্দোলন ও প্রতিবাদের তথ্য এক ছাদের তলায় একত্রিত করতে চেয়েছেন। rahulgandhi.in/satyagraha লিঙ্কের মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের ছোট-বড় যেকোনো সমস্যার কথা নাম ও সংগঠনের বিবরণ দিয়ে এই প্ল্যাটফর্মে নথিভুক্ত করতে পারবেন।

মহাত্মা গান্ধীর আদর্শ ও অনুপ্রেরণায় তৈরি এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হলো একা মানুষের চাপা পড়ে যাওয়া কণ্ঠস্বরকে একটি মানচিত্রের রূপ দেওয়া। রাহুল গান্ধী আশ্বাস দিয়েছেন যে, জেনারেশন জি (Gen Z), ছাত্র, কৃষক বা নারীদের প্রতিটি আন্দোলনের নিজস্ব গল্প মানচিত্রে স্থান পাবে। বিরোধীদের একাংশের ‘ভোটচুরি’ অভিযোগ এবং ককরোচ জনতা পার্টির আন্দোলনের জেরে যখন রাজনৈতিক পারদ চড়ে রয়েছে, ঠিক সেই সময়ে এই ‘সত্যাগ্রহ’ পোর্টাল চালুর সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সংসদের ভেতর থেকে শুরু করে রাজপথ—সব জায়গায় দেশবাসীর পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন রাহুল।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty