সোনার দামে কি আসছে সুনামি? ২০২৭ সালে হলুদ ধাতু নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণীতে শোরগোল!

ভারত-সহ সারা বিশ্বের বাজারে সোনার দাম বর্তমানে আকাশছোঁয়া। বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ গয়না ক্রেতা—সবার চোখই এখন হলুদ ধাতুটির দামের ওঠানামার দিকে। এর মাঝেই সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে নতুন করে ভাইরাল হয়েছে বুলগেরিয়ার অন্ধ ও রহস্যময়ী ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার একটি কথিত ভবিষ্যদ্বাণী। দাবি করা হচ্ছে, ২০২৭ সালে সোনার দামে এক ঐতিহাসিক ও বিরাট উত্থান ঘটতে পারে।
অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে আর্থিক সঙ্কট বা নগদের ঘাটতি দেখা দিলে প্রচলিত ব্যাঙ্কিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমতে পারে। সেই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে পুরোপুরি সোনার দিকে ঝুঁকতে পারেন। এর জেরে বিশ্ববাজারে সোনার দাম একলাফে ২৫ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। কিছু রিপোর্টে তো এও দাবি করা হয়েছে যে, ২০২৭ সালে ভারতে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ২.৬২ লক্ষ টাকা থেকে ২.৮২ লক্ষ টাকার মধ্যে গিয়ে ঠেকতে পারে। আবার কোনো কোনো প্রতিবেদনে সম্ভাব্য দাম প্রায় ২.১ লক্ষ টাকা হতে পারে বলে উল্লেখ রয়েছে।
কতটা সত্যি বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী?
বিশেষজ্ঞদের মতে, বাবা ভাঙ্গা এই নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন—এমন কোনো প্রামাণ্য ঐতিহাসিক নথি বা লিখিত রেকর্ড কোথাও নেই। মূলত দ্বিতীয় হাতের বর্ণনা এবং বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমেই তাঁর নামে নানা জল্পনা ছড়ায়। সাম্প্রতিক এই সোনার দামের দাবিগুলিও সেই কাল্পনিক তালিকারই অংশ।
তবে বাবা ভাঙ্গার কথিত দাবির বাইরে বিশ্বের নামী আর্থিক প্রতিষ্ঠানগুলিও ভবিষ্যতে সোনার দাম বাড়ার জোরালো সম্ভাবনা দেখছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা জে পি মরগানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম প্রতি আউন্স প্রায় ৬,০০০ ডলারে এবং ২০২৭ সালের শেষে তা প্রায় ৬,৩০০ ডলারে পৌঁছাতে পারে। ভারতীয় মুদ্রার হিসাবে যার লক্ষ্যমাত্রা দাঁড়ায় প্রায় ২.১৩ লক্ষ টাকা প্রতি ১০ গ্রাম।
বর্তমানে ভারতে ২৪ ক্যারাট সোনার দাম ১.৪৬ লক্ষ থেকে ১.৫০ লক্ষ টাকা প্রতি ১০ গ্রামের আশপাশে রয়েছে। তবে আন্তর্জাতিক বাজার, মার্কিন ডলারের গতি, সুদের হার এবং রাজনৈতিক অস্থিরতার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে আগামী দিনে সোনা সত্যি সত্যিই নতুন কোনো রেকর্ড গড়বে কি না।