রেকর্ড গড়ে ফেলল জিএসটি সংগ্রহ! ১৪ শতাংশের বেশি বৃদ্ধিতে দেশের অর্থনীতিতে বড় স্বস্তির খবর

ভারতীয় অর্থনীতির জন্য স্বস্তির খবর নিয়ে এল সেপ্টেম্বরের কর সংগ্রহের পরিসংখ্যান। চলতি অর্থবর্ষে এই নিয়ে তৃতীয়বারের মতো মাসিক জিএসটি (GST) সংগ্রহ ২ লক্ষ কোটির গণ্ডি পেরিয়ে গেল। অর্থমন্ত্রকের প্রকাশিত প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে দেশের মোট পণ্য ও পরিষেবা কর বা জিএসটি সংগ্রহ ১৪.৭ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ২.০৪ লক্ষ কোটি টাকায়। গত বছরের একই মাসে এই সংগ্রহের পরিমাণ ছিল ১.৭৭ লক্ষ কোটি টাকা।

আমদানির কর থেকে বড় ধাক্কা

এবারের কর সংগ্রহের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যাচ্ছে, সামগ্রিক রাজস্ব বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে আমদানির উপর সংগৃহীত জিএসটি। সেপ্টেম্বরে আমদানি থেকে কর আদায় প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৫,৫২৫ কোটি টাকায়, যা গত বছর একই সময়ে ছিল ৫২,০৩১ কোটি টাকা। অন্যদিকে, দেশীয় জিএসটি রাজস্ব ১০.১ শতাংশ বেড়ে ১.৩৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি, সোনা এবং সারের মতো বিভিন্ন পণ্যের আমদানি এই বৃদ্ধিতে সবচেয়ে বেশি সহায়তা করেছে।

রাজ্যভিত্তিক জিএসটি সংগ্রহ

দেশের বিভিন্ন রাজ্যের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, মহারাষ্ট্রে জিএসটি সংগ্রহ ১৫ শতাংশ বেড়ে প্রায় ২৯,৯৮৬ কোটি টাকা হয়েছে। এছাড়া কর্ণাটকে ১৬ শতাংশ বেড়ে ১৩,৮৮৪ কোটি, গুজরাতে ১৭ শতাংশ বেড়ে ১২,২২২ কোটি এবং উত্তরপ্রদেশে ১৮ শতাংশ বেড়ে ৮,৮৮২ কোটি টাকা সংগ্রহ হয়েছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গেও জিএসটি সংগ্রহ ৬ শতাংশ বেড়ে ৫,৫৪৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। সবমিলিয়ে, রিফাদ বাদ দেওয়ার পর নিট জিএসটি রাজস্ব ১৮.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৭৭ লক্ষ কোটি টাকায় পৌঁছানোয় দেশের আর্থিক স্বাস্থ্য নিয়ে নতুন আশার আলো দেখছেন বিশ্লেষকরা।