সিঙ্গম এগেনের রেকর্ড কি টিকবে? মুক্তির আগেই কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে বড় চমক অজয়ের!

সিলভার স্ক্রিনে আরও একবার বিজয় সালগাঁওকারের তীক্ষ্ণ বুদ্ধি এবং রহস্যের জাল দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি ছবি ‘দৃশ্যম ৩’ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এটি এই জনপ্রিয় সিরিজের শেষ ছবি হওয়ায় অনুরাগীদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে। ছবির অগ্রিম বুকিং বা অ্যাডভান্স বুকিংয়ের যে সাড়া মিলছে, তাতে স্পষ্ট যে বক্স অফিসে সুনামি আনতে চলেছে এই থ্রিলার ড্রামা। ট্রেড অ্যানালিস্টদের অনুমান, মুক্তির প্রথম দিনেই সর্বকালীন রেকর্ড ভেঙে ফেলতে পারে এই ছবি।

‘সিঙ্গম এগেন’-এর রেকর্ড কি ভাঙবে?

অজয় দেবগনের ৩৫ বছরের বর্ণময় কেরিয়ারে ওপেনিং ডে বা মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করার রেকর্ডটি এতদিন ধরে দখল করে আছে রোহিত শেঠির কুপ ইউনিভার্সের ছবি ‘সিঙ্গম এগেন’। ২০২৪ সালের নভেম্বর মাসে মুক্তি পাওয়া ওই ছবিটি প্রথম দিনে প্রায় ৪৩.৭০ কোটি টাকার ব্যবসা করেছিল। আর এখন প্রশ্ন উঠেছে, অজয়ের সেই রেকর্ড ভেঙে দিতে ‘দৃশ্যম ৩’-কে ঠিক কত টাকা কামাতে হবে? ট্রেড বিশেষজ্ঞদের মতে, ছবিটি প্রথম দিনে অনায়াসে ৪৫ থেকে ৫০ কোটি টাকার ব্যবসা করতে পারে। যদি তা সত্যি হয়, তবে ‘সিঙ্গম এগেন’-এর রেকর্ড গুঁড়িয়ে নতুন সিংহাসন দখল করবে ‘দৃশ্যম ৩’।

অ্যাডভান্স বুকিংয়েই বাজিমাত

মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করছে ছবিটি। ইতিমধ্যেই ৫ লক্ষ ২১ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে, যা ব্লকড সিটিং সহ প্রায় ৬ লক্ষ ২০ হাজারে গিয়ে ঠেকেছে। প্রি-বুকিং থেকেই ছবিটি ১৯.২৬ কোটি টাকা তুলে নিয়েছে, এবং ব্লকড সিটিংয়ের হিসাব জুড়লে এই প্রাথমিক সংগ্রহ ২২.৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অভিষেক পাঠকের পরিচালনায় এই ছবিতে অজয় দেবগণের সঙ্গে তাব্বু, শ্রিয়া সরণ, ইশিতা দত্ত, রজত কাপুর, প্রকাশ রাজ এবং জয়দীপ আহলাওয়াতের মতো শক্তিশালী অভিনেতারা স্ক্রিন শেয়ার করেছেন। এখন দেখার, মুক্তির পর বক্স অফিসের সমস্ত হিসেবনিকেশ ওলটপালট করে দিয়ে ‘দৃশ্যম ৩’ নতুন কোনো ইতিহাস গড়তে পারে কি না।