রক্তের জোগান নিয়ে বড়সড় কড়াকড়ি! নিজস্ব ব্লাড ব্যাঙ্ক থাকা সত্ত্বেও কেন বাইরে ছুটতে হচ্ছে রোগীদের?

হাসপাতালের নিজস্ব ব্লাড সেন্টার বা ব্লাড ব্যাঙ্ক থাকা সত্ত্বেও চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনে বাইরে অন্য ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করার প্রবণতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতি পুরোপুরি বদলানোর কড়া বার্তা দিয়ে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (SBTC)-এর পক্ষ থেকে সমস্ত বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে একটি নতুন ও কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের মতে, বহু বেসরকারি হাসপাতালের নিজস্ব ব্লাড সেন্টার থাকা সত্ত্বেও সেখানে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় না এবং পর্যাপ্ত রক্ত সংগ্রহ করা হয় না। এর ফলে সাধারণ রক্তের গ্রুপ বা প্রয়োজনীয় রক্তের উপাদানের ঘাটতি দেখা দেওয়ায় রোগীর পরিজনদের বাধ্য হয়ে অন্য ব্লাড ব্যাঙ্কে দৌড়াতে হয়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত।
SBTC-র নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, অন্য কোনো ব্লাড ব্যাঙ্কের ওপর নিয়মিত নির্ভরতা আর বরদাস্ত করা হবে না। হাসপাতালের মোট রোগীর সংখ্যা ও রক্তের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্লাড সেন্টারগুলিকে পর্যাপ্ত রক্ত সংগ্রহ করতে হবে। প্রচলিত আইন ও জাতীয় মানদণ্ড মেনে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রয়োজনীয় সাধারণ রক্তের গ্রুপ এবং রক্তের উপাদান পর্যাপ্ত পরিমাণে মজুত রাখতে হবে। কোনো ব্লাড সেন্টারে রক্ত সংগ্রহ এড়ানোর প্রবণতা বা অপ্রয়োজনীয় ঘাটতির কারণে রোগীর পরিজনদের যেন কোনোভাবেই বাইরে পাঠানো না হয়, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞ মহলের মতে, হাসপাতালের সঙ্গে ব্লাড সেন্টার যুক্ত থাকার মূল উদ্দেশ্যই হলো চিকিৎসাধীন রোগীদের সময়মতো ও নির্ভরযোগ্যভাবে রক্ত সরবরাহ করা, যাতে রোগী ও তাঁদের পরিজনদের অপ্রয়োজনীয় হয়রানি ও মানসিক যন্ত্রণা কমানো যায়। তবে ব্যতিক্রমী পরিস্থিতি বা কোনো অত্যন্ত বিরল রক্তের গ্রুপের প্রয়োজন হলে অন্য ব্লাড সেন্টারের সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু সাধারণ ক্ষেত্রে নিষ্ক্রিয়তার অজুহাতে বাইরের ওপর নির্ভরতা চলবেনা। ব্লাড ব্যাঙ্কের প্রযুক্তিগত বা অন্যান্য কারিগরি সহায়তার প্রয়োজন হলে SBTC প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেছে। অবিলম্বে সমস্ত বেসরকারি হাসপাতালগুলিকে নিজেদের রক্ত সংগ্রহ, মজুত ব্যবস্থাপনা এবং ট্রান্সফিউশন সাপোর্ট সিস্টেম পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।