রাজনীতি উর্ধ্বে রেখে চাষের উন্নয়ন! রবি অভিযানের সম্মেলনে ঐতিহাসিক ঘোষণা শিবরাজ সিং চৌহানের

দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের প্রতি জোরদার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ‘রবি অভিযান ২০২৬’-এর দ্বিতীয় দিনে আয়োজিত এক জাতীয় কৃষি সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। এই সম্মেলনে বিভিন্ন রাজ্যের কৃষি মন্ত্রী, শীর্ষ আধরাতিক কর্মকর্তা এবং বিশিষ্ট বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। কৃষকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই যে সরকারের প্রধান লক্ষ্য, তা এদিনের সম্মেলনে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

এই সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ১০টি রাজ্যের কৃষি মন্ত্রীদের হাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (PM-RKVY)-এর অধীনে মোট ১,০৮২ কোটি টাকার আর্থিক অনুদানের অনুমোদনপত্র তুলে দেন। রাজ্যভিত্তিক বরাদ্দের মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ২৯০ কোটি, হরিয়ানা ১৯৮ কোটি, ছত্তিশগড় ১৮১ কোটি, অরুণাচল প্রদেশ ১৫৪ কোটি, বিহার ১১৪ কোটি, কর্ণাটক ১০৪ কোটি, মিজোরাম ৭৫ কোটি, হিমাচল প্রদেশ ৬৪ কোটি, ঝাড়খণ্ড ৫৮ কোটি এবং পাঞ্জাব ৪৩ কোটি টাকা।

কৃষি ক্ষেত্রে সরকারের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে শিবরাজ সিং চৌহান জানান যে, ২০১৫ সালের পর থেকে দেশের কৃষি বৃদ্ধির হার ৩% থেকে বেড়ে ৪.৫% হয়েছে। পাশাপাশি, বার্ষিক খাদ্যশস্য উৎপাদনের বৃদ্ধি ৪ মিলিয়ন টন থেকে দ্বিগুণ হয়ে ৮.৪ মিলিয়ন টন হয়েছে। ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে রবি শস্যের উৎপাদনে ২০.৫ মিলিয়ন টনের অভূতপূর্ব বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

সমবায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় মন্ত্রী একটি নতুন কাঠামোর ঘোষণা করেন। এখন থেকে কেন্দ্রের পাশাপাশি প্রতি মাসে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে জেলা এবং রাজ্য স্তরের সমস্ত সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।