সাড়ে ২৬ বছরের তরুণের বাড়িতে এনআইএর হানা! ইউপিএসসি প্রার্থীর ঘর থেকে কী পেল কেন্দ্রীয় এজেন্সি?

জঙ্গি যোগের অভিযোগে এবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর এক কৃষকের বাড়িতে হানা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। মঙ্গলবার সকালে স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে কুশকারী মুন্দেহার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার সদস্য। অসমের একটি উগ্রবাদী সংগঠনের মামলার সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ বছর বয়সি মুজিবুর রহমান বাইরে পড়াশোনা করতেন। পরিবারের দাবি, তিনি উচ্চশিক্ষার পাশাপাশি ইউপিএসসি (UPSC) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (JMB)-এর একটি শাখা সংগঠন ‘ইমাম মাহমুদের কাফিলা’ (IMK)-র সঙ্গে আন্তঃসীমান্ত সন্ত্রাসী ষড়যন্ত্রে তাঁর যোগ রয়েছে বলে সন্দেহ করছে এনআইএ। শুধু দক্ষিণ দিনাজপুর নয়, একই সঙ্গে ডায়মন্ড হারবার, পূর্ব বর্ধমান সহ অসম এবং কেরালা মিলিয়ে মোট ১৬টি জায়গায় এই মেগা অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ১০টি অসমে, ৫টি পশ্চিমবঙ্গে এবং ১টি কেরালায় অবস্থিত।

অভিযুক্ত যুবকের বাবা মিজানুর রহমান জানান, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে হরিরামপুর থানার পুলিশ বাড়িতে তল্লাশি চালিয়ে ছেলের ফোন বাজেয়াপ্ত করেছিল। এরপর থেকেই মুজিবুর পলাতক। ছেলের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ নেই। বাবা দাবি করেছেন, ঘরে বসে পড়াশোনা করায় তিনি কখনো বুঝতে পারেননি যে তাঁর ছেলে কোনো জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকতে পারে। এদিকে তল্লাশির পর এনআইএ আধিকারিকরা কিছু নথিপত্র ও কাগজে সই করিয়ে নিলেও ঠিক কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।