জিতলে নির্বাচন কমিশন ভালো, হারলে ইভিএম খারাপ! রাহুলকে ধুয়ে দিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতির

নির্বাচন কমিশন এবং ইভিএম নিয়ে লাগাতার বিরোধীদের প্রশ্ন তোলা নিয়ে এ বার রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এক সরকারি ও সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। নিতিন নবীনের সাফ কথা, বিরোধীরা জিতলে সব ঠিক থাকে, আর হারলেই সাংবিধানিক প্রতিষ্ঠানের ঘাড়ে দোষ চাপানো হয়। এই মানসিকতা বদল না করলে সাধারণ মানুষ তাদের আরও বড় শিক্ষা দেবে।

এ দিন পানিহাটির মহিলা মোর্চার সেবা সংকল্প অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন নিতিন নবীন। তিনি বলেন, বিগত পাঁচ মাসে যেভাবে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, তা সত্যিই নজিরবিহীন। এর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেন বিজেপির জাতীয় সভাপতি।

কী বললেন নিতিন নবীন?

রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ ও নির্বাচন কমিশন সংক্রান্ত অভিযোগের তীব্র সমালোচনা করে নিতিন নবীন বলেন, ‘‘কংগ্রেস হোক বা তৃণমূল, বিরোধীরা নিজেদের হার ও পরাজয় কিছুতেই হজম করতে পারছে না। তামিলনাড়ু বা কেরলে নির্বাচন জিতলে তাদের কমিশনের কথা মনে পড়ে না, কিন্তু পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশে বিজেপি জিতলেই রাগ গিয়ে পড়ে ইভিএম এবং নির্বাচন কমিশনের ওপর।’’

সরাসরি রাহুল গান্ধীর উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও যোগ করেন, ‘‘সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপর বারবার প্রশ্ন তুলে আসলে আপনি নিজের ওপরই প্রশ্ন তুলছেন। দেশের জনতা যে রায় দিয়েছে, তার চোটেই আপনাদের ব্যথা হচ্ছে। এই হার থেকে শিক্ষা নিন, না হলে আগামিদিনে দেশের জনতা আপনাদের আরও বড় আঘাত দেবে।’’

এ দিনের এই মেগা অনুষ্ঠান থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি এবং তাঁদের স্বাস্থ্যবীমার আওতায় আনার ঘোষণাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সব মিলিয়ে, রাজনৈতিক ময়দানে রাহুল গান্ধীকে নিশানা করে বিজেপির এই আক্রমণ রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়ে দিয়েছে।