সিনেমা শুরুর আগে ২২ মিনিট বিজ্ঞাপন! ক্ষুব্ধ যুবক কেস ঠুকতেই হাতেনাতে পেলেন কত টাকা ক্ষতিপূরণ?

মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে দর্শকদের বিরক্তির অন্যতম প্রধান কারণ হল মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন। ছবি শুরুর আগে এবং মাঝের বিরতিতে একটানা বিজ্ঞাপনের জেরে সিনেমা দেখার আসল আনন্দটাই মাটি হয়ে যায় বলে অভিযোগ করেন অনেকে। তবে শুধু বিরক্তি প্রকাশ না করে, এই অতিরিক্ত বিজ্ঞাপনের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায় করে নিলেন হায়দ্রাবাদের এক দর্শক।
ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ২০ জুন। ৩৩ বছর বয়সি ওই যুবক হায়দ্রাবাদের একটি সিনেপ্লেক্সে ধনুষ এবং নাগার্জুন অভিনীত ‘কুবেরা’ ছবিটি দেখতে গিয়েছিলেন। নির্ধারিত সময় অনুযায়ী রাত ১০টা ৩৫ মিনিটের শোয়ের জন্য তিনি এবং তাঁর এক বন্ধু সাড়ে ১০টার মধ্যেই নিজেদের আসনে এসে বসে পড়েন। কিন্তু অভিযোগ, নির্দিষ্ট সময়ে ছবি শুরু না করে রাত ১০টা ৫২ মিনিট পর্যন্ত একটানা বিজ্ঞাপন ও ট্রেলার দেখানো হয়।
ওই যুবকের অভিযোগ, সিনেমা শুরু হতে অতিরিক্ত দেরি হওয়ায় তাঁর বাড়ি ফিরতেও গভীর রাত হয় এবং তিনি প্রায় রাত ৩টা নাগাদ বাড়ি পৌঁছন। এর পরই তিনি কনজিউমার কমিশনের দ্বারস্থ হন। তাঁর স্পষ্ট দাবি ছিল, সিনেমা শুরুর আগে ২২ মিনিট ধরে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন চালিয়ে তাঁকে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে।
কমিশনের কড়া নির্দেশ ও রায়
এই অভিযোগের ভিত্তিতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি রায় দিয়েছে হায়দ্রাবাদের জেলা গ্রাহক অভিযোগ নিষ্পত্তি কমিশন। কমিশন জানিয়েছে, সিনেমা হলের এই ধরনের দীর্ঘ সময় ধরে বিজ্ঞাপন দেখানো অনৈতিক বাণিজ্য কৌশলেরই শামিল। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের যুক্তি ছিল যে, বিজ্ঞাপন এবং ট্রেলার দেখানো তাদের নিয়মিত ব্যবসায়িক পরিচালন ব্যবস্থার অঙ্গ এবং জনস্বার্থেই এই প্রচার চালানো হয়। তবে সেই যুক্তি খারিজ করে দেয় কমিশন। শেষ পর্যন্ত ওই দর্শকের করা অভিযোগের সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।