জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফুঁসছে দেশ! বাঁকুড়ায় কংগ্রেসের ঝাঁঝালো বিক্ষোভ ঘিরে তুঙ্গে রাজনৈতিক পারদ

এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে ক্রমেই ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। দেশজুড়ে চলা তীব্র বিতর্কের মাঝেই মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফুঁসে উঠেছে কংগ্রেস। গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার দাবিকে সামনে রেখে এবার বাঁকুড়া জেলায় পথে নেমে প্রবল বিক্ষোভ দেখাল কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
‘গণতন্ত্র বাঁচাও, ভোটাধিকার রক্ষা করো’—এই মূল স্লোগানকে সামনে রেখে এ দিন বাঁকুড়ার রাজপথে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ফেস্টুনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। কংগ্রেসের দাবি, এসআইআর প্রক্রিয়ার পর যত নির্বাচন হয়েছে, তা বাতিল করে অবিলম্বে নতুন করে ভোট করাতে হবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা অভিযোগ করছে যে, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।
রাজনৈতিক মহলে তীব্র লড়াই
অন্যদিকে, এই গোটা ইস্যুকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতেও উত্তেজনা চরমে পৌঁছেছে। একদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভোট চুরি ও রাষ্ট্রদ্রোহিতার গুরুতর অভিযোগ এনেছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিলে সিইসিকে আড়াল করার চেষ্টা করছেন।
রাহুলের এই আক্রমণাত্মক বার্তার পরই আসরে নেমেছে বিজেপি। বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিরুদ্ধে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কালিম্পিপ্ত করার ষড়যন্ত্রের পালটা অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা, এসআইআর বিতর্ক এবং দেশজুড়ে বিরোধী দলগুলির আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এক নতুন এবং জটিল মোড়ে নিয়ে এসে দাঁড় করিয়েছে।