সিনেমা শুরুর আগে একটানা ২২ মিনিট বিজ্ঞাপন! ক্ষুব্ধ দর্শকের আইনি লড়াইয়ে মিলল বড় অঙ্কের ক্ষতিপূরণ

সিনেমা দেখতে গিয়ে শোয়ের ঠিক আগে দীর্ঘ সময় ধরে চলা বিরক্তিকর বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বহু দর্শকই। নির্দিষ্ট সময়ে ছবি শুরু না হয়ে যদি স্ক্রিনজুড়ে শুধু প্রমোশন চলতে থাকে, তবে কার না মেজাজ খারাপ হয়! তবে এই বিরক্তিকর অভিজ্ঞতাকেই এবার বড় আইনি লড়াইয়ে রূপ দিয়ে হাতেনাতে সুফল পেলেন হায়দ্রাবাদের এক দর্শক। অতিরিক্ত বিজ্ঞাপন দেখানোর অভিযোগে সিনেমা হলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে মোটা অঙ্কের ক্ষতিপূরণ আদায় করে নিলেন তিনি।

ঘটনার সূত্রপাত ঘটেছিল গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২০ জুন। হায়দ্রাবাদের একটি জনপ্রিয় সিনেপ্লেক্সে ধনুশ এবং নাগার্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘কুবেরা’ দেখতে গিয়েছিলেন ৩৩ বছর বয়সি ওই দর্শক। নির্ধারিত শোয়ের সময় ছিল রাত ১০টা ৩৫ মিনিট। নিয়ম মেনে বন্ধুকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ আগেই প্রেক্ষাগৃহে পৌঁছে যান তাঁরা এবং রাত ১০টা ৩০ মিনিটের মধ্যেই নিজেদের আসনে গিয়ে বসে পড়েন।

কিন্তু দর্শকের অভিযোগ, টিকিটে নির্দিষ্ট সময় উল্লেখ থাকলেও ঠিক সময়ে ছবি শুরু করা হয়নি। রাত ১০টা ৩৫ তো দূরের কথা, ১০টা ৫২ মিনিট পর্যন্ত স্ক্রিনে একটানা বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন এবং আসন্ন ছবির ট্রেলার চালিয়ে যাওয়া হয়। নির্ধারিত সময়ের অনেক পরে মূল ছবি শুরু হওয়ায় সিনেমা দেখার পুরো আনন্দই মাটি হয়ে যায় বলে ক্ষোভ প্রকাশ করেন ওই যুবক।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে চুপ করে বসে থাকেননি তিনি। বিজ্ঞাপন দেখানোর নামে দর্শকের মূল্যবান সময় নষ্ট করার অভিযোগ তুলে সরাসরি দ্বারস্থ হন কনজিউমার কমিশনের। দীর্ঘ শুনানির পর ক্রেতা সুরক্ষা আদালতের তরফে ওই যুবকের পক্ষেই রায় দেওয়া হয়। আদালতের নির্দেশে ওই দর্শককে ক্ষতিপূরণ বাবদ এককালীন ৭৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। হলের এই ধরনের একপেশে বাণিজ্যিক নীতির বিরুদ্ধে দর্শকের এই আইনি জয় বর্তমানে নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।