কলকাতায় ফের পা রাখছেন তসলিমা নাসরিন! মহাজাতি সদনের মঞ্চে কোন বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন লেখিকা?

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের একবার কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন প্রখ্যাত লেখিকা ও কবি তসলিমা নাসরিন। আগামী ৮ অক্টোবর কলকাতার ঐতিহাসিক মহাজাতি সদনে ‘লে রিদম’ (Le Rythme) সংস্থার উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘শিকল ভাঙ্গার গল্প’ শীর্ষক এই বিশেষ আয়োজনে নিজের লেখা কবিতা পাঠ করবেন তসলিমা নাসরিন।

দিল্লিভিত্তিক অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান ‘লে রিদম’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ধারার কৃতী নারীদের ‘উমা সম্মান’ এবং বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিককে ‘রিনি মুখোপাধ্যায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। প্রয়াত প্লেব্যাক গায়িকা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিনি মুখোপাধ্যায়ের স্মৃতিতে গড়া এই সংস্থাটি দীর্ঘদিন ধরে শিল্প, সংস্কৃতি এবং নারীর ক্ষমতায়নে কাজ করে আসছে। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রাজীব মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে তসলিমা নাসরিনের উপস্থিতি ও কবিতা পাঠ ঘিরে ইতিমধ্যেই সাহিত্যপ্রেমী মহলে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানের দিন কবিতা পাঠের পাশাপাশি সোমদত্তা বন্দ্যোপাধ্যায়, মৌসুমী হোসেন ও পিয়ালী হালদারের কণ্ঠে গান এবং মৈত্রেয়ী পাহাড়ীর পরিচালনায় দেবী বন্দনার নৃত্য পরিবেশিত হওয়ার কথা রয়েছে। সাহিত্য ও সংস্কৃতির এই মেলবন্ধন তিলোত্তমার দুর্গাপুজোর প্রাক্কালে এক অন্যমাত্রা যোগ করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।