আবহাওয়ার খামখেয়ালিপনায় বড় ধাক্কা! রবি মরসুমে খাদ্যশ্ন উৎপাদনে বড় ধস নামার আশঙ্কা

কৃষি সচিব আতীশ চন্দ্র সোমবার জানিয়েছেন যে, এল নিনোর প্রভাবে আসন্ন রবি শস্যের মরসুমটি দেশের বৃষ্টিপাত-নির্ভর অঞ্চলগুলির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে এবং এর ফলে সামগ্রিক খাদ্যশ্ন উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। রবি শস্যের প্রস্তুতি সংক্রান্ত এক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান যে, খরিফ মরসুমেও অনেক রাজ্যকে ফসলের ক্ষেত ও ফলন রক্ষা করতে গিয়ে চরম লড়াই করতে হয়েছে। অক্টোবর মাস থেকে সাধারণত গম এবং সর্ষের মতো রবি ফসলের চাষ শুরু হয়।
বিশেষজ্ঞদের মতে, কিছু রাজ্যে অতিরিক্ত আর্দ্রতা এবং কিছু অঞ্চলে দীর্ঘদিন ধরে আর্দ্রতার ঘাটতি ফসলের বৃদ্ধিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। জলবায়ু পরিবর্তনকে একটি নির্মম বাস্তব হিসাবে উল্লেখ করে কৃষি সচিব জানান যে, এখন ঋতু পরিবর্তনের এই ধাক্কাগুলি অত্যন্ত দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে সামনে আসছে। ভারত যদিও শস্য উৎপাদনে স্বাবলম্বী হয়ে উঠেছে, তবুও ডাল, তৈলবীজ এবং উদ্যানপালন জাতীয় কিছু পণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা রয়ে গেছে। উল্লেখ্য, সাধারণত ৬৩৮ লক্ষ হেক্টর জুড়ে রবি ফসলের চাষ হয়, যার মধ্যে ৩০০ লক্ষ হেক্টরেরও বেশি জমিতে গম এবং ১৪০ লক্ষ হেক্টরে ডাল উৎপাদিত হয়।