‘১ অক্টোবর থেকে পকেটে বড় টান!’ পুজোর আগেই আকাশছোঁয়া দাম হতে চলেছে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের

উৎসবের মরশুম মানেই ঘর সাজানো কিংবা নতুন ইলেকট্রনিক্স সামগ্রী কেনার ধুম। তবে দুর্গাপুজো ও দীপাবলির ঠিক আগে মধ্যবিত্তের পকেটে বড়সড় টান পড়তে চলেছে। আগামী ১ অক্টোবর থেকে এয়ার কন্ডিশনার (AC), ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এলইডি টিভির মতো বিভিন্ন গৃহস্থালি সরঞ্জাম ও কনজিউমার ইলেকট্রনিক্সের দাম একলাফে ৩ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে।

শিল্পমহল সূত্রে জানা যাচ্ছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, তামা, অ্যালুমিনিয়াম, স্টিল এবং প্লাস্টিকের মতো কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে উৎপাদন খরচ লাগাতার বাড়ছে। গত বছরের উৎসবের মরশুমের তুলনায় নাকি উৎপাদন খরচ প্রায় ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্লু স্টার, গডরেজ অ্যাপ্লায়েন্সেস, হায়ার, ডাইকিন, এলজি এবং বশের মতো নামী দামি সংস্থাগুলি ইতিমধ্যেই পণ্যের দাম ৪ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে। এর মধ্যে এসি-র দাম সবচেয়ে বেশি—প্রায় ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, ওয়াশিং মেশিন, ফ্রিজ এবং এলডিই টিভির দাম ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

পুরনো দামে কেনার শেষ সুযোগ কোথায়? ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা থাকলেও, স্বস্তির বিষয় হলো ডিলার ও ডিস্ট্রিবিউটরদের কাছে আগস্ট ও সেপ্টেম্বর মাসের পুরনো মজুত মাল এখনও কিছু দিন পাওয়া যেতে পারে। ফলে আরও এক থেকে দেড় মাস পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে পুরনো দামেই পণ্য মিলতে পারে। তবে সাধারণত ওনাম থেকে শুরু করে দশেরা ও দীপাবলির মরশুমেই ইলেকট্রনিক্স সংস্থাগুলির বার্ষিক বিক্রির ৩০ থেকে ৪০ শতাংশ ব্যবসা হয়। তাই এই মূল্যবৃদ্ধির জেরে শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের বাজেটে কতটা প্রভাব পড়ে, সেটাই এখন দেখার বিষয়।