বঙ্গজয় নিশ্চিত করার পর প্রথমবার বাংলায় নিতিন নবীন! মেগা বৈঠকে কোন ছক কষছে গেরুয়া শিবির?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বঙ্গজয়ের পর এই প্রথমবার রাজ্য সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে একগুচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। এদিন বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সদ্য বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল এবং নতুন রাজ্য কমিটি ঘোষণা হওয়ার ঠিক পরেই নিতিন নবীনের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন সকালে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ যোগ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপরই নিউটাউন কনভেনশন সেন্টারে শুরু হয় একের পর এক রুদ্ধদ্বার বৈঠক। প্রথম দফার বৈঠকে নবনির্বাচিত মোর্চা সভাপতি, নতুন মুখপাত্র এবং রাজ্য কমিটির পদাধিকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি। রাজ্যের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে তাঁদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেন নিতিন নবীন। এরপরই বঙ্গ বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি ও বিধায়কদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। দলের অন্দরে জনপ্রতিনিধিদের কাজের ধরন ও দায়িত্ববোধ নিয়ে একাধিক কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি।

বিকেল চারটে নাগাদ নিউটাউনেই রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ক্ষমতায় আসার পর প্রশাসনিক কাজে মন্ত্রীদের ভূমিকা এবং দলের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ধ্যার সময় রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে দলের কোর কমিটির সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তিনি। এই বৈঠকে ২০২৬-এর বিধানসভা জয়ের পর রাজ্যের রাজনৈতিক ও সাংগঠনিক ভিত আরও মজবুত করার চূড়ান্ত রণকৌশল তৈরি করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে দলকে সম্পূর্ণ শৃঙ্খলার মধ্যে নিয়ে আসাই এই সফরের মূল লক্ষ্য।