ছোট থেকে বুড়ো সবাই নাচতে পারবেন! বাংলা ডান্সিং আইকন-এর বিচারক কে কে জানেন?

বাঙালির বিনোদন জগতে আসতে চলেছে এক নতুন চমক। নাচের ছন্দে বুঁদ হতে তৈরি হচ্ছে আরও একটি নতুন রিয়েলিটি শো—’বাংলার ডান্সিং আইকন’। রাজ্যের বিভিন্ন প্রান্তের সুপ্ত নৃত্য-প্রতিভাদের একসঙ্গে তুলে ধরার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে এই মঞ্চের মাধ্যমে। তবে কোন চ্যানেলে এই শো সম্প্রচারিত হবে, তা এখনও নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়নি।

এই শো-এর অন্যতম প্রধান আকর্ষণ অভিনেতা বনি সেনগুপ্ত। তাঁর সঙ্গে বিচারকের আসনে দেখা যাবে একঝাঁক জনপ্রিয় মুখকে। বিচারক প্যানেলে থাকছেন শ্রীমা ভট্টাচার্য, খেয়ালি মণ্ডল, অঙ্কুশ্রী মাইতি, রিকি তিওয়ারি এবং স্যান্ডি সাহা (রঙ)। তারকাদের এই মেলবন্ধন অনুষ্ঠানটিকে আরও বেশি জমজমাট করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

শুধুমাত্র তারকাদের উপস্থিতিই নয়, এই শো-এর সবথেকে বড় বিশেষত্ব হলো বয়সের কোনও সীমারেখা না থাকা। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী, মধ্যবয়সি কিংবা প্রবীণ—যাঁদের মনে নাচের আগুন জ্বলছে, তাঁরা যে কেউ এই মঞ্চে অংশ নিতে পারবেন। নাচ এবং প্রতিভা প্রদর্শনই হবে এখানে প্রবেশাধিকারের একমাত্র যোগ্যতা। সারা বাংলা জুড়ে অডিশনের মাধ্যমে প্রতিযোগীদের বাছাই করা হবে।

শোটির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক কারান আরিয়ান। নিজে একজন সফল নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হওয়ায়, নাচ নিয়ে এমন একটি অনুষ্ঠান করা তাঁর বহুদিনের স্বপ্ন ছিল। এপ্রসঙ্গে পরিচালক জানান, বিচারক হিসেবে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁরা প্রত্যেকেই নাচের জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই বাংলা থেকে এই শো-কে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার আশা রাখছেন তিনি।

অভিনেতা বনি সেনগুপ্তও এই শো নিয়ে অত্যন্ত উৎসাহী। তাঁর মতে, বয়স, পেশা কিংবা সামাজিক পরিচয়ের গণ্ডি ভেঙে সাধারণ মানুষের প্রতিভাকে মূলস্রোতে তুলে আনতেই এই আয়োজন। খুব শীঘ্রই সারা বাংলা জুড়ে শুরু হবে অডিশনের পর্ব। প্রতিযোগিতা, আবেগ ও বিনোদনের এক নিখুঁত মিশ্রণে ‘বাংলার ডান্সিং আইকন’ যে দর্শকদের মনে গভীর দাগ কাটবে, তা বলাই বাহুল্য।