ভোটের আগেই ময়দান ছাড়লেন হুমায়ুন! পুলিশি নিষ্ক্রিয়তা ও ভোট লুঠের অভিযোগে সোজা প্রচার বন্ধের ঘোষণা

আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরাসরি ভোট লুঠের গুরুতর অভিযোগ তুলে ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-এর প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীর। শুধু পুলিশি হয়রানি বা নেতাকর্মীদের গ্রেফতারির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেননি তিনি, একইসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধেও একযোগে তীব্র আক্রমণ শানিয়েছেন।

জানা গিয়েছে, রেজিনগর উপনির্বাচনে হুমায়ুন কবীরের দল থেকে তাঁর ছেলেই প্রার্থী হয়েছেন। কিন্তু ভোটের প্রচারের মাঝেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বিস্ফোরক মন্তব্য করেন যে, তাঁরা আর বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন না। তাঁর অভিযোগ, নিরপেক্ষভাবে কাজ না করে পুলিশ শাসকশিবিরের ইশারায় তাঁদের দলের কর্মীদের অন্যায়ভাবে হেনস্তা ও গ্রেফতার করছে। সরাসরি হুঙ্কার দিয়ে তিনি জানান, ভোটের দিন যদি বলপ্রয়োগ বা ভোট লুঠের চেষ্টা করা হয়, তবে তার উপযুক্ত রাজনৈতিক ও কড়া জবাব দেওয়া হবে।

এই আকস্মিক ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, মাঠের লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়েই এমন কৌশল নিয়েছেন ওই নেতা, অন্যদিকে নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে প্রশাসনের ওপর চাপ বাড়াতে চাইছে তাঁর দল। সব মিলিয়ে ৬ অক্টোবরের উপনির্বাচনের আগে রেজিনগরের রাজনৈতিক পারদ এখন চড়রম পর্যায়ে পৌঁছেছে।

Aditi Banik
  • Aditi Banik