গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে রোমহর্ষক খুন! নদীয়ায় মহিলাকে ভারী অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য

নদিয়া জেলার ফুলিয়ায় গভীর রাতে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। কাঁচা বাড়ির টিনের বেড়ার নীচ থেকে সিঁদ কেটে ঘরে ঢুকে পঞ্চাশোর্ধ এক মহিলাকে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার নবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর, ভুতের মেলার পাড়া এলাকায়। মৃত মহিলার নাম মিতালী বিশ্বাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে নিজের ঘরে একা ঘুমোচ্ছিলেন মিতালীদেবী। অন্যদিকে, পাশের ঘরেই ঘুমিয়েছিলেন তাঁর ছেলে ও বৌমা। গভীর রাতে পরিবারের লোকজন হঠাৎ ঘরের ভিতর ওই মহিলাকে রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান। মৃতার মাথা ও মুখে ভারী কোনও বস্তু দিয়ে আঘাতের একাধিক স্পষ্ট চিহ্ন রয়েছে বলে দাবি করেছে পরিবার।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে বাড়ির টিনের বেড়ার নীচে মাটির অংশে একটি বড় গর্ত দেখতে পান তদন্তকারীরা। অনুমান করা হচ্ছে, ওই গর্ত দিয়েই দুষ্কৃতীরা ঘরের ভেতরে প্রবেশ করেছিল। তবে ঠিক কী উদ্দেশ্যে এই হামলা চালানো হলো এবং এর পেছনে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। চুরির উদ্দেশ্য নাকি পুরনো কোনও শত্রুতা—সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

Aditi Banik
  • Aditi Banik