বিয়ের পর পদবী না বদলালেই বিচ্ছেদ? স্বামী-স্ত্রীর আলাদা টাইটেল নিয়ে চাঞ্চল্যকর তথ্য গবেষণায়!

‘নামে কী আসে যায়’— শেক্সপিয়রের এই বিখ্যাত উক্তিটি আমরা দৈনন্দিন জীবনে বহুবার ব্যবহার করে থাকি। তবে সাম্প্রতিক একটি গবেষণা বলছে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে নামের পেছনের পদবী বা টাইটেলটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিয়ের পর স্বামী ও স্ত্রী যদি নিজেদের আলাদা পদবী বজায় রাখেন, তবে তাঁদের বিচ্ছেদের বা ডিভোর্সের আশঙ্কা অনেকাংশে বেড়ে যায় বলে দাবি করা হয়েছে একটি গবেষণামূলক রিপোর্টে।
ইনস্টিটিউট ফর ফ্যামিলি স্টাডিজ (Institute for Family Studies)-এর তৈরি করা ওই চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে, যেসব দম্পতির পদবী এক নয়, অর্থাৎ বিয়ের পর স্ত্রী তাঁর স্বামীর পদবী গ্রহণ করেননি কিংবা দুজনে আলাদা পদবী ব্যবহার করছেন, তাঁদের ক্ষেত্রে ডিভোর্সের সম্ভাবনা সাধারণ দম্পতিদের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
গবেষক দলটি বিখ্যাত ‘পিউ রিসার্চ সেন্টার’ (Pew Research Center)-এর ২০২৩ সালের সংগৃহীত তথ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস ডিভোর্স রেকর্ডসের (Texas Divorce Records) বিপুল ডেটা বিশদভাবে বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
আধুনিক সমাজে বিয়ের পরও নিজেদের পারিবারিক পরিচয় বা স্বাধীন পদবী ধরে রাখার প্রবণতা বাড়ছে। কিন্তু এই সামাজিক পরিবর্তনের সঙ্গে দাম্পত্য সম্পর্কের স্থায়িত্বের সম্পর্ক ঠিক কতটা, তা নিয়েই আলোকপাত করেছে আন্তর্জাতিক এই সমীক্ষা। রিপোর্টটি সামনে আসতেই বিশ্বজুড়ে সমাজ বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে তুমুল বিতর্ক ও চর্চা শুরু হয়েছে।