মোদির ৭৬তম জন্মদিনে দুর্গাপুরের বেকারি আনল অভিনব ‘মোদি কেক’, সারপ্রাইজ অফারে উপচে পড়ছে ভিড়!

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই দেশজুড়ে শুরু হয়েছে নানা উৎসব ও উদযাপনের প্রস্তুতি। কোথাও প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে, কোথাও আবার বর্ণাঢ্য মিছিল ও লাড্ডু বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। এই দেশব্যাপী উদযাপনের জোয়ারে পিছিয়ে নেই শিল্পাঞ্চল দুর্গাপুরও। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিধাননগর এলাকার একটি স্থানীয় বেকারি সংস্থা এক অভিনব উদ্যোগ নিয়েছে, যা ইতিমধ্যেই নজর কেড়েছে সাধারণ মানুষের।

প্রধানমন্ত্রীর নাম ও ছবি খোদাই করে বিশেষভাবে তৈরি করা হয়েছে একটি দৃষ্টিমধুর ‘মোদি কেক’। জন্মদিনের আবহে এই বিশেষ কেকটি দেখার জন্য এবং এর স্বাদ নিতে বেকারিতে ভিড় জমাচ্ছেন কৌতূহলী ক্রেতারা। উদ্যোক্তাদের দাবি, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া এবং আগ্রহই দিনটিকে আরও বেশি বিশেষ করে তুলেছে।

তবে শুধু কেক তৈরির মাধ্যমেই থেমে থাকেনি ওই বেকারি কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর জন্মদিনের এই আনন্দ ক্রেতাদের মাঝে আরও ছড়িয়ে দিতে ঘোষণা করা হয়েছে বিশেষ ছাড়। সংস্থার কর্মী রিমি সরকার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিশেষভাবে একাধিক ‘মোদি কেক’ তৈরি করার পাশাপাশি সমস্ত বার্থডে কেক, বেশ কিছু কাটলেট এবং তাঁদের আউটলেটের অন্যান্য বহু সামগ্রীতে দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। শুধুমাত্র আজকের এই বিশেষ দিনেই গ্রাহকরা এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারছেন।

Aditi Banik
  • Aditi Banik