মদ ভেবে গলায় ঢালতেই মুহূর্তের মধ্যে যমদূত! মিথানল-মেশানো বিষাক্ত পানীয় পানে মর্মান্তিক মৃত্যু ৪৬ জনের

সস্তার মদের নেশা যে কতটা মারাত্মক এবং প্রাণঘাতী হতে পারে, তার আরও এক ভয়াবহ চিত্র সামনে এল। মদ ভেবে স্থানীয়ভাবে তৈরি একটি পানীয় গলায় ঢালার পরেই ঘটে গেল বিপত্তি। মুহূর্তের মধ্যে শরীরের ভেতর শুরু হওয়া ভয়াবহ বিষক্রিয়ায় নাইজেরিয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৮ জন মানুষ। এই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় ১০০ জন।

দক্ষিণ নাইজেরিয়ার অনডো প্রদেশের ওডিগবো এবং ইরেলে স্থানীয় প্রশাসনিক এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্থানীয় স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই বিষাক্ত পানীয় পানের জেরে এখনও পর্যন্ত প্রায় ১৮২ জন অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকদের জোরালো আশঙ্কা, ওই পানীয়টিতে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক ‘মিথানল’ মেশানো ছিল। শরীরে মিথানল প্রবেশ করলেই তা অত্যন্ত দ্রুত মারাত্মক বিষক্রিয়া তৈরি করে। এর জেরে প্রথমে দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট হয়ে যাওয়া, কিডনি বিকল হওয়া এবং পরবর্তীতে মস্তিষ্কে মারাত্মক আঘাতের মতো ভয়াবহ পরিণতি ঘটে। ফলে সাধারণ মদ বলে যা গলাধঃকরণ করা হয়েছিল, তা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মানুষের জন্য মৃত্যুফাঁদ হয়ে দাঁড়ায়।

ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। তদন্তে নেমে ইতিমধ্যেই মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অনডো প্রদেশের পুলিশ প্রশাসন জানিয়েছে, ধৃতদের মধ্যে এমন এক ব্যক্তিও রয়েছেন যিনি ওই বিষাক্ত পানীয়টি তৈরি করছিলেন। মূলত শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি এই মিথানল কী করে মানুষের পানের উপযোগিতায় বাজারে এল এবং এর পেছনে ঠিক কী চক্র কাজ করছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আফ্রিকার জনবহুল এই দেশে গ্রামাঞ্চলে কম খরচে স্থানীয় মদের চল থাকায় প্রায়ই এমন ভুয়ো ও বিষাক্ত মদের কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন, তবে এই মর্মান্তিক মৃত্যুমিছিল ফের একবার প্রশ্ন তুলেছে ভেজাল ও বেআইনি পানীয়ের রমরমা বাজার নিয়ে।

Aditi Banik
  • Aditi Banik