ঘরে বসেই খোদ এনটিএ-র জন্য প্রশ্নপত্র তৈরির সুযোগ! শিক্ষক ও গবেষকদের জন্য এল বিরাট সুবর্ণ সুযোগ

দেশের মেধা যাচাইয়ের সবচেয়ে বড় প্রবেশিকা পরীক্ষাগুলির মানোন্নয়ন ও স্বচ্ছতা বজায় রাখতে এবার বড় পদক্ষেপ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে আসন্ন পরীক্ষাগুলির জন্য বিষয় বিশেষজ্ঞ এবং অনুবাদ পর্যালোচকদের একটি নতুন প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। আর সেই উদ্দেশ্যেই সারা দেশের অভিজ্ঞ শিক্ষক, গবেষক এবং বিশিষ্ট শিক্ষাবিদদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
এনটিএ-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিট ইউজি (NEET UG) এবং জেইই মেইন (JEE Main)-এর মতো সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত হওয়ার এটি একটি দুর্দান্ত সুযোগ। আগামী ৯ অক্টোবর, ২০২৬ পর্যন্ত আগ্রহীরা এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তাঁদের আগ্রহপত্র বা ইওআই (EOI) জমা দিতে পারবেন।
বিশেষজ্ঞ ও অনুবাদকদের দায়িত্ব কী থাকবে? নির্বাচিত বিষয় বিশেষজ্ঞদের মূল কাজ হবে নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী নিখুঁত প্রশ্নপত্র তৈরি করা এবং পরীক্ষার ব্লুপ্রিন্ট ও মডারেশন প্রক্রিয়ার নিরপেক্ষতা কঠোরভাবে বজায় রাখা। অন্যদিকে, এনটিএ যেহেতু মোট ১৩টি আঞ্চলিক ও আন্তর্জাতিক ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে, তাই এই প্যানেলে ভাষা বিশেষজ্ঞদেরও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর সাহায্যে অনূদিত প্রশ্নপত্রগুলির ভাষাগত নির্ভুলতা, স্পষ্টতা এবং সঠিক ভাবার্থ বজায় রয়েছে কি না, তা যাচাই করার দায়িত্ব থাকবে এই অনুবাদ পর্যালোচকদের ওপর। শিক্ষাজগতে যুক্ত যোগ্য প্রার্থীরা এই প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় সরাসরি অবদান রাখতে পারবেন।