দেড় কোটির গাড়ি কেনার টাকা দিলেন কৃষকদের! নানার কোন সিদ্ধান্তে আজও মুগ্ধ অনুরাগীরা?

বলিউডে নানা পাটেকর কেবল তাঁর দাপুটে অভিনয়ের জন্যই পরিচিত নন, পর্দার বাইরের নানা মানবিক কাজের জন্যও তিনি বারবার খবরের শিরোনামে এসেছেন। সম্প্রতি অভিনেতার জীবনের এমনই এক ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, যা দেখে ফের মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। দেড় কোটি টাকা খরচ করে বিলাসবহুল গাড়ি কেনার সুযোগ থাকা সত্ত্বেও সেই টাকা নিজের জন্য ব্যবহার করেননি তিনি। বরং খরা এবং ঋণের জালে জর্জরিত মৃত কৃষক পরিবারগুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অভিনেতা।
কৃষক আত্মহত্যার ঘটনা এবং তার জেরে পরিবারগুলির ভয়াবহ আর্থিক সংকট নানাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল। সেই সময় তাঁর হাতে যে দেড় কোটি টাকা ছিল, তা দিয়ে তিনি অনায়াসেই একটি নতুন গাড়ি কিনতে পারতেন। কিন্তু নিজের বিলাসিতার কথা না ভেবে শেষ পর্যন্ত গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দেড় কোটি টাকা থেকে ১৫ লক্ষ টাকা করে বেছে নেওয়া কয়েকটি কৃষক পরিবারের মধ্যে তুলে দেওয়া হয়। সেই মুহূর্তে নিজের শৌখিনতার চেয়ে অসহায় পরিবারগুলির মুখে হাসি ফোটানোকেই বেশি জরুরি বলে মনে করেছিলেন এই প্রবীণ অভিনেতা।
এর আগেও মহারাষ্ট্রের খরাপ্রবণ অঞ্চলের কৃষক পরিবারগুলির পাশে বহুবার দাঁড়িয়েছেন তিনি। ২০১৫ সালে বিদর্ভের পাশাপাশি লাতুর ও ওসমানাবাদের কৃষকদের পরিবারেও আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছিলেন নানা। কৃষকদের জন্য এই কাজ আরও সুসংহত করতে পরবর্তীতে অভিনেতা মকরন্দ অনাসপুরের সঙ্গে মিলে একটি বিশেষ ফাউন্ডেশনও গড়ে তোলেন তিনি।
এক অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নানা জানিয়েছিলেন, শুরুর দিকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু সংকটকবলিত এলাকায় গিয়ে সেখানকার ভয়াবহ পরিস্থিতি নিজের চোখে দেখার পর তিনি বুঝতে পারেন, ওই পরিবারগুলির প্রয়োজন এর চেয়েও অনেক বেশি। সেই বাস্তব উপলব্ধির পরই বড় পরিসরে কাজ শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। বড়পর্দায় নানা পাটেকরকে বহুবার রাগী বা খলনায়কের চরিত্রে দেখা গেলেও, বাস্তব জীবনে সমাজের প্রান্তিক মানুষের প্রতি তাঁর এই নিরন্তর দায়িত্ববোধ তাঁকে সাধারণ মানুষের প্রকৃত নায়ক করে তুলেছে।