মাঝরাতে ক্যাম্প কাঁপানো গুলির শব্দ! ডিউটির রত অবস্থাতেই চরম পদক্ষেপ বাংলার SSB জওয়ানের

মাঝরাতে হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল এসএসবি ক্যাম্প। ডিউটিররত অবস্থায় সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে জীবন শেষ করলেন বাংলার এক জওয়ান। বিহারের কিষাণগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ ১৯ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পে ঘটা এই মর্মান্তিক ঘটনায় গোটা চত্বরে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মৃত জওয়ানের নাম চয়ন মণ্ডল। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-মোহনা কোস্টাল থানার অন্তর্গত জাগাই বাসমনে। শনিবার ঘড়িতে তখন রাত ১২টা পার, ঠিক সেই মুহূর্তেই আচমকা গুলির শব্দ শুনতে পান সহকর্মীরা। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তস্নাত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন এসএসবি-র ডিআইজি একে সিং সহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

কিষাণগঞ্জের জিয়াপোখরের স্টেশন হাউস অফিসার গৌতম কুমার জানিয়েছেন, ঘটনাস্থলের কাছ থেকে একটি ব্যবহৃত কার্তুজের খোল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। কিষাণগঞ্জের এসপি সন্তোষ কুমারের নির্দেশে ইতিমধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। কী কারণে জওয়ান এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ছুটির দিনে এই আকস্মিক ট্র্যাজেডিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও এলাকায়।