‘সলমন স্যারও সবটা দেখুক!’ ১১ বছর পূর্তির পোস্টে সুরকার ও গীতিকারকে বাদ দেওয়ায় ফুঁসে উঠলেন অমাল

বলিউডের সুপারস্টার সলমন খানের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় সুরকার অমাল মালিক। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সলমন প্রযোজিত ছবি ‘হিরো’-র ১১ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট শেয়ার করা হয়। ছবির হিট গান ‘ম্যাঁয় হু হিরো তেরা’-র একটি ক্লিপিং শেয়ার করা হলেও, সেই পোস্টে গানটির সুরকার ও গীতিকারের নাম বা ন্যূনতম কৃতজ্ঞতাটুকুও স্বীকার করা হয়নি। আর তাতেই বিস্ফোরক হয়ে ওঠেন অমাল।

পোস্টটির কমেন্ট বক্সে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি সলমন খানের পেজ পরিচালনাকারীদের বিরুদ্ধে চরম ঔদ্ধত্যের অভিযোগ তোলেন। অমাল স্পষ্ট ভাষায় লেখেন, একজন সুরকার ও গীতিকার নিজেদের রক্ত-ঘাম দিয়ে গান তৈরি করেন, অথচ গান উদযাপনের সময় মূল স্রষ্টাদেরই সচেতনভাবে বাদ দেওয়া হয়েছে—যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পেজ হ্যান্ডলারদের সাধারণ সৌজন্যতাবোধটুকুও নেই বলে তোপ দেগে তিনি হুঁশিয়ারি দেন, সলমন খান নিজে যেন এই ঘটনা দেখতে পান এবং টিমের এই কাজের জন্য যেন ভুল বুঝতে পারেন। ইন্ডাস্ট্রিতে ক্রিয়েটরদের প্রাপ্য সম্মান না পাওয়ার এই ইস্যু এখন সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।