মৃত ছেলের কবরে চুমু খেয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউড অভিনেত্রী! মৃত্যুর পর কী এমন অদ্ভুত ইচ্ছা প্রকাশ করলেন তিনি?

মাতৃত্বের সবচেয়ে কঠিন যন্ত্রণা হয়তো সন্তানকে হারানোর শূন্যতা। সময়ের প্রলেপও যে সেই ক্ষত মুছে দিতে পারে না, তার এক মর্মান্তিক প্রমাণ রাখলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। প্রয়াত যমজ সন্তানের জন্মদিনে তার কবরের সামনে দাঁড়িয়ে আবেগে সম্পূর্ণ ভেঙে পড়লেন তিনি। কবর জড়িয়ে ধরে চুমু খাওয়ার সেই দৃশ্য এবং তাঁর বুকফাটা আর্তনাদ এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

২০১৭ সালের ১০ সেপ্টেম্বর যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন সেলিনা। তাদের মধ্যে একজনের নাম আর্থু এবং অন্যজন শামশের। কিন্তু জন্মের পরই হৃদরোগে আক্রান্ত হয়ে চিরকালের মতো বিদায় নেয় ছোট্ট শামশের। বহু বছর কেটে গেলেও সেই ক্ষত একটুও শুকায়নি। অস্ট্রিয়ায় ছেলের কবরের কাছে গিয়ে তৈরি করা একটি পুরনো ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, “আবার দেখা হবে, আমার সোনা।”

পোস্টটির সবচেয়ে আবেগঘন দিকটি হলো অভিনেত্রীর অন্তিম ইচ্ছা। সেলিনা জানিয়েছেন, মৃত্যুর পর তাঁর শেষকৃত্য যেন ভারতে হয় এবং তাঁর চিতাভস্ম যেন অস্ট্রিয়ায় চিরঘুমে থাকা ছেলে শামশেরের কবরের পাশেই রাখা হয়। একজন মায়ের এতখানি আকুতি এবং সন্তান হারানোর যন্ত্রণা দেখে পাথর হয়ে গিয়েছেন নেটিজেনরাও। একদিকে সন্তানের মৃত্যুশোক, অন্যদিকে আইনি জটিলতার কারণে জীবিত সন্তানদের থেকে দূরে থাকার যন্ত্রণা—সব মিলিয়ে সেলিনার এই কাঁচা কান্না কাঁপিয়ে দিয়েছে গোটা বলিউডকে।