চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এসবিআইয়ে ৪ লক্ষ টাকা লুট! মাত্র ৩০ মিনিটে যা করল পুলিশ, চোখ কপালে তুলবে

মহারাষ্ট্রের নাগপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর একটি শাখায় ঘটে গেল এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ঘটনা। সাধারণ গ্রাহক সেজে ব্যাঙ্কে প্রবেশ করে আচমকা ব্যাঙ্ককর্মীদের চোখে লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রায় ৪ লক্ষ টাকা লুট করে চম্পট দেয় এক দুষ্কৃতী। তবে শেষ রক্ষা হয়নি। নাগপুর পুলিশের তড়িৎ গতি ও তৎপরতায় মাত্র ৩০ মিনিটের মধ্যে অভিযুক্তকে পাকড়াও করা হয় এবং চুরি যাওয়া পুরো টাকাই উদ্ধার করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ নাগপুরের ওই এসবিআই শাখায় তখন স্বাভাবিক কাজকর্ম চলছিল। কর্মীরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন, আর গ্রাহকদের ভিড়ও ছিল। সেই সময়ই কমলা রঙের কুর্তা এবং কালো প্যান্ট পরা, রুমাল দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি ব্যাঙ্কে প্রবেশ করে। সে সোজা ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে নিজের কাছে লুকিয়ে রাখা লাল লঙ্কার গুঁড়ো সরাসরি ব্যাঙ্ককর্মীদের চোখে ছুঁড়ে মারে। আচমকা এই হামলায় কর্মীরা চোখে তীব্র জ্বালা অনুভব করেন এবং কিছু দেখতে না পেয়ে নিরাপত্তার সন্ধানে ছোটাছুটি শুরু করে দেন। ব্যাঙ্কের ভিতরে মুহূর্তের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এই সুযোগকে কাজে লাগিয়েই অভিযুক্ত ক্যাশ কাউন্টার থেকে নগদ ৪ লক্ষ টাকা তুলে নিয়ে চম্পট দেয়। কয়েকজন ব্যাঙ্ককর্মী ও নিরাপত্তারক্ষী তাকে ধাওয়া করার চেষ্টা করলেও ভিড়ের সুযোগে সে পালিয়ে যেতে সফল হয়।
ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ প্রশাসন। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং বিভিন্ন এলাকায় ‘নাকা চেকিং’ শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত অত্যন্ত ধূর্ত কায়দায় লঙ্কার গুঁড়ো ছুড়ে আতঙ্ক সৃষ্টি করছে। পুলিশি তল্লাশির মুখে পড়ে মাত্র ৩০ মিনিটের মধ্যেই নাগপুরের বিভিন্ন রাস্তার টহলদারি দল অভিযুক্তকে খুঁজে বের করে। ধৃতের নাম সুরজ ভোজরাজ বোরকর (২৮), যিনি বিএসসি পাশ করার পরও বর্তমানে বেকার বলে জানা গিয়েছে। পুলিশ তার কাছ থেকে লুট হওয়া পুরো চার লক্ষ টাকাই উদ্ধার করেছে এবং তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা নিয়ে নেটপাড়ায় চরম কৌতূহল ও হাসির রোল উঠেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা অভিযুক্তের অদ্ভুত পরিকল্পনা এবং কার্যপদ্ধতি নিয়ে নানা রসাত্মক মন্তব্য করেছেন।