লালু পরিবারে বড় আইনি বিপর্যয়! রেলমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগে রাবড়ি-তেজস্বীদের বিরুদ্ধে চার্জ গঠন

আইআরসিটিসি হোটেল টেন্ডার সংক্রান্ত অর্থ পাচার মামলায় লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারের ওপর আইনি খড়্গ নেমে এসেছে। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত রাষ্ট্রীয় জনতা দল (RJD) প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর ছেলে তেজস্বী যাদব এবং স্ত্রী রাবড়ি দেবীসহ মোট নয়জন অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে। আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে।
এই মামলায় লালু পরিবার ছাড়াও সরলা গুপ্তা, লারা প্রজেক্টস এবং সুজাতা হোটেলস-এর মতো প্রভাবশালী ব্যক্তি ও সংস্থাকেও অভিযুক্ত করা হয়েছে। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত এই মামলায় সাতজন অভিযুক্তকে খালাসও দিয়েছে। আদালতের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে এই তদন্ত কোনোভাবেই রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল না। সাবেক রেলমন্ত্রী থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং লারা প্রজেক্টস থেকে অবৈধ সুবিধা নিয়েছেন—এমন জোরালো সন্দেহ প্রকাশ করেছে আদালত।
উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যবর্তী সময়ে লালুপ্রসাদ যাদব যখন কেন্দ্রীয় রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন এই দুর্নীতির ঘটনা ঘটেছিল। অভিযোগ রয়েছে যে, নিয়ম লঙ্ঘন করে রাঁচি ও পুরীর দুটি আইআরসিটিসি হোটেলের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার চুক্তি সুজাতা হোটেলসকে দেওয়া হয়েছিল। এর বিনিময়ে পাটনার একটি দামি বেনামি জমি নামমাত্র মূল্যে সরলা গুপ্তার মাধ্যমে রাবড়ি দেবী ও তেজস্বীর মালিকানাধীন লারা প্রজেক্টস-এর নামে হস্তান্তর করা হয়। আদালতের এই রায়ের ফলে এখন অভিযুক্তদের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পথ প্রশস্ত হলো।