পুজোর আগেই ফের রেকর্ড বৃষ্টিতে ভাসবে বাংলা? নিম্মচাপের জেরে কোন কোন জেলায় জারি হল কমলা সতর্কতা?

বর্ষার বিদায়ঘণ্টা বাজার ঠিক প্রাক্কালে বাংলার আবহাওয়ায় ফের এক নতুন মোড়। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রত্যক্ষ প্রভাবে আগামী কয়েক দিনে উত্তর থেকে দক্ষিণবঙ্গ—উভয় অঞ্চলেই বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, একটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা জম্মু থেকে শুরু করে দেরাদুন, পুরুলিয়া ও দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির জোড়া ফলায় দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির ঘনঘটা দেখা দিতে চলেছে।

আগামী তিন দিন অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির প্রভাব থাকবে সর্বাধিক। এই পাঁচ জেলায় পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী তিন দিনের জন্য কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। এ ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল উভয় অঞ্চলেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদদের মতে, দেশের অন্যান্য অংশে বর্ষা গুটিয়ে যাওয়ার উপক্রম হলেও, বিদায়বেলায় ফের একবার পূর্ণ শক্তিতে সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। আগামী ১২ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে এই বর্ষার শেষ স্পেল দেখা যেতে পারে। এই দফার বৃষ্টি শেষ হলেই দেশজুড়ে পাকাপাকিভাবে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে।