PF থেকে অ্যাডভান্স টাকা তোলার নিয়মে বদল, একনজরে জেনেনিন A to Z নিয়ম

কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা PF অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সংস্থার পক্ষ থেকে এই নতুন নিয়মগুলির বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। নতুন এই সংশোধিত নির্দেশিকায় প্রভিডেন্ট ফান্ডের টাকা অগ্রিম (Advance) বা তোলার প্রক্রিয়াকে অনেকটাই সহজ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পিএফ অ্যাকাউন্ট থেকে কত টাকা অগ্রিম তোলা যায়?

সাধারণ নিয়ম অনুযায়ী, EPFO-এর নিয়ম মেনেই প্রভিডেন্ট ফান্ডে রেজিস্টার্ড হওয়ার এক বছর পূর্ণ হলেই একজন সদস্য তাঁর কর্মচারী (Employee) ও নিয়োগকর্তার (Employer) অবদানসহ মোট পিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা অগ্রিম হিসেবে তুলতে পারেন।

নতুন নিয়মে কোন কোন ক্ষেত্রে কী পরিবর্তন এল?

EPFO জানিয়েছে, সদস্যদের অত্যাবশ্যকীয় প্রয়োজন যেমন শিক্ষা, অসুস্থতা এবং আবাসন বা গৃহ নির্মাণের মতো ক্ষেত্রগুলির জন্য অগ্রিম তোলার নতুন সীমা ও শর্ত নির্ধারণ করা হয়েছে।

  • অসুস্থতা ও চিকিৎসা: ক্যাটাগরি ১-এর আওতায় চিকিৎসার জন্য টাকা তোলার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা রাখেনি EPFO। অর্থাৎ প্রয়োজনে সদস্য যতবার খুশি এই সুবিধা নিতে পারবেন।

  • শিক্ষা ও বিয়ে: পরিবার বা নিজের পড়াশোনার খরচের জন্য সর্বোচ্চ ১০ বার অগ্রিম টাকা তোলার সুযোগ রয়েছে। পাশাপাশি, নিজের বা পরিবারের কোনো সদস্যের বিয়ের খরচের জন্য সর্বোচ্চ ৫ বার এই সুবিধা পাওয়া যাবে।

  • আবাসন বা গৃহ নির্মাণ: ক্যাটাগরি ২-এর অধীনে বাড়ি বা ফ্ল্যাট কেনা, নতুন বাড়ি তৈরি করা, হোম লোনের কিস্তি শোধ করা কিংবা বাড়ি সংস্কারের কাজের জন্য সর্বোচ্চ ৫ বার প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম টাকা তোলার নিয়ম রাখা হয়েছে।

  • বিশেষ পরিস্থিতি: ক্যাটাগরি ৩-এর অধীনে কর্মচারীরা ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)-এর অনুমোদন সাপেক্ষে বিশেষ পরিস্থিতিতে প্রতি আর্থিক বছরে সর্বোচ্চ দু’বার পর্যন্ত টাকা তুলতে পারবেন।

কেন্দ্রীয় এই সংস্থার নতুন নির্দেশিকা কার্যকর হওয়ায় দীর্ঘমেয়াদি সঞ্চয়ের সুরক্ষা বজায় রেখেই জরুরি প্রয়োজনে টাকা তোলার পথ আরও সহজ ও সুনির্দিষ্ট হলো।