Recipe: লাউপাতায় মোড়া সুস্বাদু চিংড়ি পাতুরি! ঝটপট দেখে নিন সহজ রান্নার পদ্ধতি

বাঙালির হেঁশেলে পাতুরি এক অত্যন্ত পুরনো ও ঐতিহ্যবাহী পদ। তবে মজার বিষয় হলো, পার্সি সম্প্রদায়ের ‘পাটরানি মচ্ছি’ বা ‘পত্রানি মচ্ছি’-র সঙ্গে আমাদের এই পাতুরির দারুণ মিল রয়েছে। তাই পাতুরিকে পুরোপুরি কেবল বাংলার নিজস্ব আবিষ্কার বলা চলে না। কলাপাতায় মুড়ে মাছ, মাংস বা সবজি বানানোর এই রন্ধনশৈলীর উল্লেখ রয়েছে প্রাচীন বিজয়গুপ্তের ‘মনসামঙ্গল’-এও। গবেষকদের মতে, বরিশাল থেকেই এই রান্নার পদ্ধতি মূলত এপার বাংলায় এসেছে। গরম ধোঁয়া ওঠা ভাতে লাউপাতা মোড়া চিংড়ি বা ইলিশ পাতুরি থাকলে ভোজনরসিকদের আর অন্য কিছু লাগে না। ছুটির দিনে বা বাড়িতে অতিথি এলে কীভাবে খুব সহজে ঝটপট বানিয়ে ফেলবেন এই দুর্দান্ত পদ, জেনে নিন তার সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

  • চিংড়ি মাছ

  • কালো ও সাদা সর্ষে বাটা

  • পোস্ত বাটা (২ চামচ)

  • নারকেল কোরা ও কুচি

  • টকদই (১ চামচ জল ঝরানো)

  • ধনেপাতা কুচি ও পেঁয়াজ কুচি

  • কাঁচা লঙ্কা

  • সর্ষের তেল, নুন ও হলুদ গুঁড়ো

  • বাঁধার জন্য সুতো এবং বড় আকারের টাটকা লাউপাতা

সহজ রান্নার পদ্ধতি

প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে তার মধ্যে পরিমাণমতো নুন, হলুদ এবং একটু সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর একটি পাত্রে সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল কোরা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং সামান্য জল ঝরানো টকদই একসঙ্গে মিশিয়ে নিন। যদিও প্রচলিত পাতুরিতে দইয়ের ব্যবহার হয় না, তবে সামান্য টকদই দিলে এর স্বাদ অনেক খানি বেড়ে যায়।

এবার ম্যারিনেট করা চিংড়ি মাছের সঙ্গে এই মশলার মিশ্রণটি খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিন। এরপর বড় আকারের লাউপাতাগুলো ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিন এবং পাতার দু’দিকে সামান্য সর্ষের তেল ভালো করে বুলিয়ে দিন। লাউপাতার মাঝে মশলা মাখানো চিংড়ি মাছ দিয়ে পাতাটি সুন্দর করে মুড়ে একটি সুতো দিয়ে চারপাশ শক্ত করে বেঁধে নিন, যাতে মশলা বেরিয়ে না যায়।

এবার একটি ফ্রাইং প্যানে দু’চামচ সর্ষের তেল গরম করে একে একে লাউপাতায় মোড়া চিংড়ির পার্সগুলো প্যানে বসিয়ে দিন। লো ফ্লেমে ঢাকা দিয়ে উল্টেপাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আরও পাঁচ মিনিট ঢেকে রেখে রান্না করুন। নামানোর আগে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ভাপে রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু লাউপাতা চিংড়ি পাতুরি। গরম ভাতে পরিবেশন করুন এই দারুণ পদটি।