বিয়ের মরসুমের আগেই বড় ধাক্কা! মাত্র তিন দিনে কত হাজার টাকা বাড়ল রুপোর দাম জানেন?

সামনেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং এর পরেই শুরু হচ্ছে বিয়ের মরসুম। আর এই শুভ সময়টিতে ঐতিহ্য বজায় রাখতে অনেকেই আগেভাগে সোনা ও রুপোর গয়না কিনে সঞ্চয় করে রাখেন। তবে সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে কলকাতায় ফের একপ্রস্ত লাফিয়ে বাড়ল সোনা ও রুপোর দাম। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির সাম্প্রতিক প্রকাশিত পরিসংখ্যান থেকে এই মূল্যবৃদ্ধির চিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে। গত ৬ সেপ্টেম্বর এবং ৯ সেপ্টেম্বর ২০২৬-এর বাজারদর তুলনা করলে দেখা যায়, ২২ ক্যারেট, ১৮ ক্যারেট সোনা থেকে শুরু করে ফাইন গোল্ড এবং বিশুদ্ধ রুপোর দাম ঊর্ধ্বমুখী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর যেখানে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য ছিল ১৪,৪৩০ টাকা, সেখানে মাত্র তিন দিনের ব্যবধানে ৯ সেপ্টেম্বর সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪,৪৬০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে একলাফে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার ক্রয়মূল্যও ১৩,৮২১ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩,৮৪৯ টাকা। পাশাপাশি, ১৮ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ১১,৮৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১১,৮৭০ টাকা। অর্থাৎ এই ক্যাটাগরিতেও প্রতি গ্রামে ২৫ টাকা করে দাম বেড়েছে।

সোনা ছাড়াও এই মূল্যবৃদ্ধির দৌড়ে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে রুপো। ৯৯৫ ফাইন গোল্ডের দাম প্রতি গ্রামে ১৫,১৮৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫,১৯ টাকা, অর্থাৎ তিন দিনে গ্রামপ্রতি ৩১ টাকা বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ৯৯৯ বিশুদ্ধ রুপোর বারে। মাত্র তিন দিনের ব্যবধানে ১ কেজি সিলভার বারের দাম ২,৩৪,৩৬৮ টাকা থেকে একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২,৩৭,০৮৭ টাকা। অর্থাৎ প্রতি কেজি রুপোয় এক ধাক্কায় ২,৭১৯ টাকারও বেশি দাম বৃদ্ধি পেয়েছে, যা সোনাকেও ছাড়িয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, সোনা ও রুপো—দুই বহুমূল্য ধাতুর দামই এই কয়েক দিনে চড়লেও বৃদ্ধির পরিমাণে রুপো অনেকটাই এগিয়ে রয়েছে। তবে খেয়াল রাখতে হবে যে, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির এই হিসাবকৃত দামের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি (GST) যুক্ত নেই। ফলে গয়না বা বার কিনতে গেলে ক্রেতাদের পকেট থেকে আরও কিছুটা বেশি অর্থ খরচ করতে হবে। উৎসবের মরসুমের ঠিক আগে এই লাগামছাড়া দাম বৃদ্ধি বাজারে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।