মমতার ওয়ার্ডেই চরম প্রতিশোধের হুঁশিয়ারি সুকান্তর! পুরভোটের আগেই কোন বড় চাল দিল বিজেপি?

একুশের বিধানসভা নির্বাচনের ঠিক পরেই কলকাতা পুরসভা নির্বাচনে প্রচার করতে গিয়ে মমতার ওয়ার্ডে চরম অপমানের শিকার হয়ে চোখের জল ফেলতে হয়েছিল তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সময়ের চাকা ঘুরে গেছে, আর আজ ছাব্বিশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কেন্দ্রের মন্ত্রী হয়েছেন সুকান্ত। সামনেই কলকাতা পুরসভা নির্বাচন, আর সেই ভোটের ‘ইনচার্জ’-এর দায়িত্ব কাঁধে নিয়ে এবার খোদ মুখ্যমন্ত্রীর গড়েই চরম প্রতিশোধ নেওয়ার হুঙ্কার ছাড়লেন তিনি।

মঙ্গলবার কালীঘাটের জয় হিন্দ ভবনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসেন কলকাতা পুরভোটের ইনচার্জ সুকান্ত মজুমদার। এদিনের বৈঠকে মূলত ১৩৬ নম্বর ওয়ার্ড (অতীতে মমতার ৭৩ নম্বর ওয়ার্ড) এবং ১৩৮ নম্বর ওয়ার্ডের (ফিরহাদ হাকিমের ওয়ার্ড) বাছাই করা কর্মী-সমর্থকদের নিয়ে রণকৌশল ঠিক করা হয়। দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যের উপস্থিতিতে হওয়া এই বৈঠকে সুকান্ত স্পষ্ট জানিয়ে দেন যে, সেইদিনের সেই চোখের জলের সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে এবং রাজনৈতিক কায়দায় বদলা নিতে তাঁরা এই দুটি ওয়ার্ডকেই পাখির চোখ করছেন।

রাজনৈতিক মহলের মতে, খোদ মমতার নিজের ওয়ার্ড এবং মেয়রের এলাকাকে নিশানা করে বিজেপি যে কৌশল নিয়েছে, তাতে শাসক শিবিরের অন্দরে অস্বস্তি বহুগুণ বেড়ে গেল। সাংগঠনিক ভিত শক্ত করতে এবং ইনদওর মডেলের আদলে কলকাতাকে সাজানোর প্রতিশ্রুতি নিয়ে পুরভোটের লড়াইয়ে বিজেপি যে একেবারে আক্রমণাত্মক মেজাজে নামছে, সুকান্ত মজুমদারের এই মন্তব্য তারই স্পষ্ট ইঙ্গিত।

Pratik Saha
  • Pratik Saha