মাঝের কাউকে মানুষ বিশ্বাস করছে না! উপনির্বাচনের প্রার্থী ঘোষণার আগেই বিরাট হুঙ্কার বাম নেতার

রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষিত হতেই চরমে উঠেছে রাজনৈতিক দলগুলোর তৎপরতা। শাসকদল থেকে শুরু করে বিরোধী শিবির—সবাই এখন নিজেদের নির্বাচনী রুটম্যাপ তৈরিতে ব্যস্ত। এই আবহে ভোট ঘোষণা হওয়ার পরেই বিরোধী তৃণমূল কংগ্রেসকে নিয়ে বড়সড় আক্রমণ শানালেন সিপিআইএম নেতা তথা ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমান রাণা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, উপনির্বাচনে এবার কড়া লড়াই দেবে বামেরা।
মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজুর রহমান রাণা বলেন, “নন্দীগ্রাম ও রেজিনগরে আমরা ইতিমধ্যেই লড়াইয়ে নেমে পড়েছি। আগামী এক-দুদিনের মধ্যেই আমাদের প্রার্থীদের নাম প্রকাশ্যে আসবে। বামেরাই আসল লড়াই দেবে, কারণ মাঝের কাউকে মানুষ আর বিশ্বাস করছে না।” একইসঙ্গে শাসকদল এবং প্রতিপক্ষ শিবিরকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেসকে কেউ বিশ্বাস করে না। এলাকার মানুষ তাদের পাশে নেই। শুধু সংবাদমাধ্যমের সামনে বড় বড় কথা বলে, আর এখানে এসে মুখ্যমন্ত্রীর পাশে বসে ফিশফ্রাই খাচ্ছে।”
পাশাপাশি ডোমকল পুরসভায় দীর্ঘদিন ভোট না হওয়ায় আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি। অন্যদিকে, আসন্ন দুর্গোৎসবে ডিজে বাজানো নিষিদ্ধ করার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ঘোষণা প্রসঙ্গে সিপিআইএম বিধায়কের মত, ডিজে বন্ধ করা ভালো সিদ্ধান্ত, তবে শেষ পর্যন্ত তা কতটা কার্যকর করা সম্ভব হয় সেটাই দেখার বিষয়।