বিগ বির গায়ে চার গ্লাস জল ঢেলে দিয়েছিলেন অক্ষয়ের পিয়ন! কিংবদন্তি অভিনেতার সঙ্গে ঘটে যাওয়া সেই মজার কান্ড শুনলে হাসি থামবে না

বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের সঙ্গে ঘটে যাওয়া এক মজার ও অপ্রত্যাশিত ঘটনার কথা শেয়ার করে সকলকে হাসিয়ে দিলেন খোদ অক্ষয় কুমার। নিজের আসন্ন ছবি ‘হাইওয়ান’-এর প্রচারের জন্য জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে এসে এই পুরোনো দিনের গল্প শোনান অভিনেতা। সেই কথা শুনে যেমন দর্শকদের মুখে হাসি ফোটে, তেমনই অবাক হন অনেকেই।

অক্ষয় জানান, বহু বছর আগের ঘটনা, যখন তিনি মুম্বইয়ের লোকহাণ্ডওয়ালায় থাকতেন। সেবার তাঁর বাড়িতে অতিথি হিসেবে এসেছিলেন খোদ অমিতাভ বচ্চন। মেগাস্টারকে জল পরিবেশন করার জন্য অক্ষয় দায়িত্ব দিয়েছিলেন তাঁর এক পরিচারককে, যিনি আবার উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা ছিলেন। কিন্তু বিপত্তি ঘটে ঠিক সেই মুহূর্তেই।

সামনে খোদ ‘বিগ বি’-কে চোখের সামনে দেখতে পেয়ে ওই যুবক এতটাই অবাক ও নার্ভাস হয়ে পড়েন যে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না ঘটনাটি সত্যি না স্বপ্ন। সেই অতিরিক্ত উত্তেজনার চোটে ট্রে-র উপর সাজানো চার-চারটি জলের গ্লাস সোজা অমিতাভ বচ্চনের গায়ের ওপর উল্টে দেন তিনি। ফলে মুহূর্তের মধ্যে অমিতাভের পরনের পুরো কুর্তাটাই জলে ভিজে একাকার হয়ে যায়। অক্ষয়ের মুখে এই অদ্ভুত ও হাস্যকর ঘটনার কথা শুনে কেবিসি-র সেট জুড়ে হাসির রোল পড়ে যায়।