বুকমাইশো খুলতেই রেকর্ড! মোদীর সভার সব টিকিট শেষ এক ঘণ্টায়, ওয়েটিংয়ে হাজার হাজার মানুষ

গুজরাটের ভাদোদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে অভূতপূর্ব উন্মাদনা। এই প্রথমবার কোনো সরকারি রাজনৈতিক কর্মসূচির জন্য জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বুকমাইশো’ (BookMyShow)-এর মাধ্যমে বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছিল। আর তাতেই হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে।

ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (ভিএমসি) উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই সমস্ত আসন বুক হয়ে যায়। চাহিদা এতটাই বেশি ছিল যে, রেজিস্ট্রেশন বন্ধ হওয়ার পরও প্রায় ৪২ হাজারেরও বেশি মানুষ ওয়েটিং লিস্টে ছিলেন। প্রধানমন্ত্রী মোদীর এই অনুষ্ঠানের প্রতি সাধারণ মানুষের প্রবল উৎসাহ ও কৌতূহল এই ঘটনার মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠেছে।

সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আধুনিক ও ঝঞ্ঝাটমুক্ত করতে এবার থাকছে অভিনব ব্যবস্থা। নিবন্ধিত অংশগ্রহণকারীরা তাঁদের বুকমাইশো অ্যাকাউন্টের মাধ্যমেই একটি ডিজিটাল এম-টিকেট পাবেন। ওই টিকিটে থাকা একটি লাইভ কিউআর কোড স্ক্যান করেই সরাসরি প্রবেশ করা যাবে সভাস্থলে। রেজিস্ট্রেশন থেকে শুরু করে যাচাইকরণ এবং আসন গ্রহণ—পুরো বিষয়টিই ডিজিটাল হওয়ায় ভিড় সামলানো ও নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ হবে বলে মনে করছে প্রশাসন।

ভাদোদরা সফরে এসে প্রধানমন্ত্রী মোদী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে ২০ হাজার ৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর (WDFC)-এর তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩২৬ কিলোমিটার দীর্ঘ অংশ জাতির উদ্দেশে উৎসর্গ করার কথা রয়েছে। সানন্দ-মাকারপুরা, নিউ উমরগাঁও-নিউ সাফালে এবং নিউ সাফালে-জেএনপিএ অংশগুলি চালু হওয়ার ফলে জওহরলাল নেহরু বন্দরের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হবে। এর ফলে একদিকে যেমন আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি বহু গুণে বাড়বে, তেমনই মুম্বাইয়ের ব্যস্ত রেল নেটওয়ার্কের ওপর চাপও অনেকটাই কমবে।