প্রধান বিচারপতিকে চতুর্থ চিঠি! রাজস্থান হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিচারপতি মেহতার

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে আরও একটি চিঠি পাঠিয়ে রাজস্থান হাইকোর্টের বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে খোদ ক্ষোভ উগরে দিলেন বিচারপতি সন্দীপ মেহতা। এটি তাঁদের মধ্যেকার চতুর্থ চিঠি। এই চিঠিতে বিচারপতি মেহতা সরাসরি অভিযোগ করেছেন যে, বিচারপতি শর্মা অভ্যন্তরীণ বিচার বিভাগীয় তদন্তের কাজে সরাসরি হস্তক্ষেপ করেছেন, গোপনীয়তা লঙ্ঘন করেছেন এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন।
এর আগেও গত ২, ১০ এবং ১৭ আগস্ট চিঠি পাঠিয়ে রাজস্থান হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শর্মার বিরুদ্ধে অব্যবস্থাপনা, অসদাচরণ এবং স্বজনপ্রীতির মতো গুরুতর অভিযোগ এনেছিলেন বিচারপতি মেহতা। যদিও তাঁর আদালতের বাইরে কিছু আইনজীবীর প্রতিবাদের মুখে পড়ে বিচারপতি শর্মা ছুটিতে যান এবং তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। গত ২৬ আগস্ট প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান যে এই অভিযোগগুলির প্রকাশ্যে বিচার সম্ভব নয় এবং অভিযুক্ত বিচারপতিকে নিজের বক্তব্য রাখার জন্য একটি ন্যায্য সুযোগ দেওয়া উচিত।
তবে এর পরেই ৩০ আগস্ট লেখা চতুর্থ চিঠিতে বিচারপতি মেহতা দাবি করেছেন যে, বিচারপতি শর্মার স্বেচ্ছাচারী এবং প্রশ্নবিদ্ধ কার্যকলাপের পক্ষে তাঁর হাতে আরও অতিরিক্ত তথ্য ও প্রমাণ রয়েছে। রাজস্থান হাইকোর্টের অন্দরে স্বেচ্ছাচারী নিয়ম পরিবর্তন, ভূমি বিরোধে বিচারিক হস্তক্ষেপ এবং প্রশাসনিক ব্যর্থতার মতো একাধিক বিষয় তিনি তুলে ধরেছেন। চিঠিতে বলা হয়েছে, একজন বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে চলা তদন্তের ক্ষেত্রে হাইকোর্টের অভিযোগ কমিটি ও তিন জন মহিলা বিচারপতির প্যানেল কাজ করতে গিয়ে চরম বাধার মুখে পড়েছিল। অভিযোগ উঠেছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কমিটির গোপন নথি অন্যান্য রেজিস্ট্রি কর্মকর্তা এবং অভিযুক্ত কর্মকর্তার সাথে ভাগ করে নিয়েছেন, যা তদন্তের গোপনীয়তাকে পুরোপুরি ভেঙে দিয়েছে।
রাজস্থান হাইকোর্টের এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও চাঞ্চল্যকর অভিযোগের জল কত দূরড়ায়, এখন সেটাই দেখার। রাজ্যের বাইরে থেকে একজন স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ করার জন্য এর আগেও অনুরোধ জানিয়েছিলেন বিচারপতি মেহতা।