পুজোর আগে বিরাট ধামাকা! পার্শ্বশিক্ষক থেকে বনকর্মী—এক ধাক্কায় বেতন বাড়াল সরকার!

উৎসবের মরসুম শুরুর আগেই রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য বড়সড় আর্থিক উপহার ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, পুজোর আগেই বনকর্মী, পার্শ্বশিক্ষক, শিক্ষা দফতরের ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে একাধিক দফতরের কর্মীদের পারিশ্রমিক ও ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলির পথ সুগম করতে আনা হচ্ছে নতুন বিল।
কাদের বেতন কত বাড়ল?
বন দফতর: ডেপুটি রেঞ্জার, ফরেস্টার, হেড ফরেস্ট গার্ড এবং বনরক্ষীদের ভাতা এক ধাক্কায় ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। পাশাপাশি, ১৫০০ জন বন সহায়কও ২ হাজার টাকা বেশি পারিশ্রমিক পাবেন।
পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধু: প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের হাজার হাজার পার্শ্বশিক্ষকদের মাসিক বেতন এক লাফে ৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষাবন্ধু ও স্পেশাল এডুকেটরদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
অন্যান্য বিভাগ: এসএসকে, এমএসকে-র সহায়ক, সম্প্রসারিকা এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের ভাতাও ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতাও ৬ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় বদল নিয়ে নতুন বিল অর্থনৈতিক ঘোষণার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে একটি বড় প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আনা হচ্ছে ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল ২০২৬’। এর মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক সর্বস্তরের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বদলি বা ‘ইন্টার ইউনিভার্সিটি ট্রান্সফার’ (Inter University Transfer)-এর পথ সুগম হবে। আগামী ১০ সেপ্টেম্বর রাজ্য বিধানসভার এক ঘণ্টার বিশেষ অধিবেশনে এই বিলটি পেশ ও অনুমোদন করানো হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।